উসকানিমূলক সে্লাগান দিয়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালায় রাবির ছাত্রজোট

রাবি প্রতিনিধি
Printed Edition

গতকাল সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শাহবাগবিরোধী ঐক্যের আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচিতে উসকানিমূলক সেøাগান দিয়ে হামলা চালায় গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বাম সংগঠনের নেতাকর্মীরাও এ হামলায় অংশ নেন।

গতকাল সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় পরিবহন মার্কেটে শাহবাগবিরোধী ঐক্যের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের শাহবাগবিরোধী ঐক্যের আহ্বায়ক মো: রাকিবুল ইসলাম।

লিখিত বক্তব্যে তারা জানান, ‘তথাকথিত গণতান্ত্রিক ছাত্রজোটের ব্যানারে বাম-শাহবাগী গোষ্ঠী সন্ধ্যা সাড়ে ৭টায় মশাল মিছিল ডাকেন। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আমাদের পূর্বঘোষিত কর্মসূচি কিছুটা বিলম্ব করি। যখন জানতে পারি তারা কর্মসূচি করছেন না তখন পরিবহন চত্বরের একটি ফাঁকা জায়গায় আমরা সমবেত হই। পরিবহন চত্বরে শাহবাগবিরোধী ঐক্যের বিভিন্ন সংগঠক ও নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে বাম সংগঠনের গুটিকয়েক মশালধারী আমাদের শিক্ষার্থীদের ‘রাজাকার, জামাআত-শিবির’ বলে বুলিং করে। তারা সেøাগান দিয়ে বারবার মশাল নিয়ে আমাদের দিকে তেড়ে আসে। ইচ্ছে করেই একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ভিক্টিম কার্ড খেলার পুরনো চেষ্টা চালায়। এক পর্যায়ে আমাদেরকে লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করে। ঢিলের আঘাতে আমাদের সহযোদ্ধা তারেক আহত হন। এর পরই মূলত ঘটনার সূত্রপাত ঘটে।

এ সময় ছাত্র মিশনের সভাপতি জি এ ছাব্বির বলেন, ‘আমরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। তারা বলেছে, আমরা সরেজমিনে ঘটনার পর্যবেক্ষণ করেছি এবং এ নিয়ে তদন্ত কমিটি গঠন করে বিচারিক কার্যক্রম শুরু করা হবে দ্রুতই। তারা (বাম) যখন প্রশাসন ভবনের মধ্যে ছিল তখন আমরা প্রশাসনের কাছে জানাই, আমরা ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখতে চাই। আপনারা তাদের (বাম) ডাকেন আমরা তাদের সাথে বসে মিউচুয়াল করতে চাই। ছাত্র উপদেষ্টা, প্রক্টর তাদেরকে অনেক অনুরোধ করেছেন মিউচুয়াল করতে কিন্তু তারা রাজি হয়নি। আরেকটি খুব হাস্যকর বিষয় হচ্ছে, ছাত্রদল ক্যাম্পাসে এসে দাবি করে প্রক্টরের পদত্যাগের। যেখানে সমস্যা হয়েছে বামদের সাথে আমাদের সেখানে ছাত্রদলের এ ধরনের দাবি হাস্যকর।’

এ সময় বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক মো: মাহফুজার রহমান, সাবেক সমন্বয়ক মো: নুরুল ইসলাম শহীদ, ছাত্র মিশনের সদস্যসচিব জসীম বানা উপস্থিত ছিলেন।

ছাত্রলীগের ভ্যানগার্ডের ভূমিকায় ছাত্রদল : শিবিরের বিবৃতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘শাহবাগবিরোধী ছাত্র ঐক্য’র আয়োজিত শান্তিপূর্ণ মিছিলে বাম সংগঠনগুলোর হামলার অভিযোগ করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাবি শাখা। হামলার পরপরই ছাত্রদলের পক্ষ থেকে তদন্ত ছাড়াই দায় চাপিয়ে বিবৃতি দেয়া তাদেরই ‘পূর্বপরিকল্পিত’ বা ‘স্ক্রিপটেড’ এমন মন্তব্য করেছেন শিবির নেতৃবৃন্দ।

গতকাল গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে রাবি শিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ ও সেক্রেটারি মুজাহিদ ফয়সাল এসব অভিযোগ করেন।

ছাত্রশিবির জানায়, আমরা এ হামলার নিন্দা জানাই ও দোষীদের বিচার দাবি করি। তারা নিজেদের কর্মসূচি সাড়ে ৭ টায় ঘোষণা করলেও ইচ্ছাকৃতভাবে ৮টা ৪০ মিনিটে মাঠে এসে হামলা চালায় এবং পরে নিজেদের ‘ভিকটিম’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করে।’ ছাত্রশিবিরের দাবি, ছাত্রদল ঘটনার তদন্ত ছাড়াই তাৎক্ষণিকভাবে ছাত্রশিবিরকে দায়ী করে বিবৃতি দেয়, যা পূর্বপরিকল্পিত বা ‘স্ক্রিপটেড’ মনে হচ্ছে। এক সময় বাম সংগঠনগুলোর সহিংস রাজনীতিতে ছাত্রলীগ যেভাবে ভ্যানগার্ডের ভূমিকা পালন করত, আজ সেই একই ভূমিকায় দেখা যাচ্ছে রাবি ছাত্রদলকে। ছাত্রদলসহ সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, দায় চাপানোর পুরনো খেলা বন্ধ করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসুন।