রাজধানীতে গাড়ির ধাক্কায় যুক্তরাষ্ট্র প্রবাসী নিহত

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ওয়ারী থানাধীন টিকাটুলি মোড় এলাকায় গাড়ির ধাক্কায় এইচ এম ওমর ফারুক (৩৫) নামের এক যুক্তরাষ্ট্র প্রবাসী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোন শিরিন আক্তার বলেন, ওমর ফারুক আমেরিকা প্রবাসী। গত ২৮ ফেব্রুয়ারি তিনি দেশে এসেছিলেন। উঠেছিলেন টিকাটুলি হোটেল সুপার নামে আবাসিক হোটেলে। আগামী ২০ ফেব্রুয়ারি তার চলে যাওয়ার কথা ছিল। ওরম ফারুককে হাসপাতালে নিয়ে আসা সিএনজি চালক মিলন জানান, টিকাটুলির মোড় এলাকায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে আমরা তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ওমর ফারুক মাদারীপুর জেলার শিবচর থানার আজগর হাওলাদারকান্দি গ্রামের মৃত গোলাম কুদ্দুসের সন্তান। নিহতের কাছ থেকে একটি স্বর্ণের চেইন ও নগদ ৩৪ হাজার ৪৮০ টাকা পাওয়া গেছে। লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।