খুবির প্রধান ফটক এখন শহীদ মীর মুগ্ধ তোরণ
Printed Edition
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রধান ফটক গতকাল রোববার থেকে আনুষ্ঠানিকভাবে শহীদ মীর মুগ্ধ তোরণ নামে নতুন পরিচিতি লাভ করেছে। জুলাই অভ্যুত্থানে শহীদ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মৃতিকে অমর করতে তোরণের এ নামকরণ করা হয়েছে।
গতকাল দুপুরে এ তোরণ উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। উদ্বোধনকালে তিনি বলেন, শহীদ মীর মুগ্ধ দেশের জন্য যে আত্মত্যাগ করেছেন, তার প্রতি শ্রদ্ধা জানাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ প্রশংসনীয়। এটা ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম ও ন্যায়বোধে অনুপ্রাণিত করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রফেসর ড. মো: আব্দুল মজিদ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: নাজমুল আহসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. মো: হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুন্নবী এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও শহীদ মীর মুগ্ধর জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। পরে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভায় অতিথিরা শহীদ মীর মুগ্ধের কর্মময় জীবন ও তার আত্মত্যাগের বিষয়ে স্মৃতিচারণ করেন।
এর আগে উপদেষ্টা ফরিদা আখতার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত অপর এক অনুষ্ঠানে জুলাই বিপ্লবে খুলনার ৬১ জন আহতদের মধ্যে ৪০ জনের প্রত্যেককে এক লাখ টাকার চেক প্রদান করেন। জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের কাছে আমরা সবাই ঋণী। বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের যে আর্থিক সাহায্য করা হচ্ছে তা যথেষ্ট নয়। শহীদদের আত্মত্যাগেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, ফ্যাসিস্ট পালিয়েছে। বর্তমান সরকার আহতদের যত দিন প্রয়োজন তত দিন চিকিৎসা সুবিধা দেবে। আহত ও শহীদ পরিবারদের সহায়তার জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীন একটি অধিদফতর হচ্ছে।
অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনার বিভাগীয় কমিশনার মো: ফিরোজ সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। অনুষ্ঠানের শুরুতে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং জুলাই বিপ্লব নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।