স্টার্লিংয়ের চোটে বড় ধাক্কা আয়ারল্যান্ডের

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ভারত-শ্রীলঙ্কায় চলমান টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং। চোটের কারণে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার তার বদলে হিসেবে নেয়া হয়েছে স্যাম টপিংকে। ইভেন্ট টেকনিক্যাল কমিটি এরই মধ্যে অনুমোদনও দিয়েছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে গত বুধবার চোট পান স্টার্লিং। ফিল্ডিং করতে গিয়ে চোটের কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। ম্যাচের সপ্তম ওভারে জশ ইংলিসের ক্যাচ নিয়ে মাঠে পড়ে গিয়ে হাঁটুতে আঘাত পান তিনি। পরে বরাবরের মতোই ব্যাট হাতে ওপেনিংয়ে নামেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার। কিন্তু প্রথম বলে সিঙ্গল নিতে গিয়েই তার ভোগান্তি ছিল স্পষ্ট। এরপর মাঠ ছাড়লে তখনই শঙ্কা ফুটে উঠেছিল। সেটিই সত্যি হলো। অধিনায়ককে এই বিশ্বকাপে আর পাবে না আয়ারল্যান্ড। এই অবস্থার মধ্যে আজ ওমানের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে তাদের। দু’দলই এখন পর্যন্ত কোনো জয় পায়নি। স্টার্লিংয়ের বদলি হিসেবে ডাক পান ২০ বছর বয়সী বাঁহাতি ব্যাটার টপিং। জাতীয় দলে এই প্রথম সুযোগ পেলেন তিনি। ঘরোয়া টি-২০তে মাত্র ১২ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে টপিংয়ের।

এ দিকে সংক্ষিপ্ত ভার্সনের চলমান বিশ্বকাপে প্রথম ম্যাচে চোটে পড়েন জিম্বাবুয়ের অভিজ্ঞ উইকেট রক্ষক ব্যাটার ব্রেন্ডন টেইলর। ওমানের বিপক্ষে উইকেটের পেছনে তিনটি ক্যাচ নেয়ার পর ব্যাটিংয়ে রান তাড়ায় নামেন তিনি চার নম্বরে। ত্রয়োদশ ওভারে সিঙ্গল নিতে গিয়ে পায়ে টান লাগে তার। এর পর আর ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়ার আগে করেন ৩০ বলে ৩১ রান। হ্যামস্ট্রিংয়ের চোটে বিশ্বকাপ শেষ হয়ে গেছে টেইলরের। তার বদলি হিসেবে দলে সুযোগ পাওয়া বেন কারান এখনো আন্তর্জাতিক টি-২০’র স্বাদ পাননি।