নিউজিল্যান্ডের অপেক্ষা কি ঘুচবে

আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ

Printed Edition

ক্রীড়া ডেস্ক

কখনো টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে কখনো হারাতে পারেনি নিউজিল্যান্ড। বিশ্বকাপের গ্রুপ পর্বের আজকের ম্যাচে আবারো মুখোমুখি হচ্ছে শক্তিশালী দুই প্রতিপক্ষ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় এই ম্যাচটি কাগজে-কলমে বড় লড়াই হলেও গ্রুপ পর্বের বর্তমান পরিস্থিতিতে দুই দলই প্রায় নিশ্চিতভাবে সুপার এইটের পথে এগিয়ে আছে। তবুও শীর্ষস্থান দখল ও আত্মবিশ্বাস ধরে রাখতে ম্যাচটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

কিউইরা শুরু থেকেই ধারাবাহিক ক্রিকেট খেলছে। তাদের ব্যাটিং লাইনআপে টিম সেইফার্ট ও ফিন অ্যালেন দ্রুত রান তুলতে পারেন, আর তিন নম্বরে রাচিন রবীন্দ্র বড় ভূমিকা রাখতে পারেন। মিডল অর্ডারে গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেল দলের বড় ভরসা। অধিনায়ক মিচেল স্যান্টনার ব্যাট ও বল দুই বিভাগেই সমান দক্ষ।

প্রোটিয়া দলে রয়েছে অভিজ্ঞতা ও আগ্রাসনের মিশেল। শেষ ম্যাচে দুই সুপার ওভারের খেলায় আফগানদের হারিয়ে অনেকটাই নির্ভার তারা। কুইন্টন ডি ককের টি-২০-তে ৩০০০ রানের মাইলফলক ছুঁতে আর মাত্র ২ রান বাকি। অধিনায়ক এইডেন মাকরাম, ডেভিড মিলার ও তরুণ ডিওয়াল্ড ব্রেভিস ব্যাটিং শক্তিকে আরো ভয়ঙ্কর করে তুলেছে।

তবে আলোচনায় আছেন পেসার কাগিসো রাবাদা। সাম্প্রতিক সময়ে তার ইকোনমি কিছুটা বেশি হলেও বড় ম্যাচে নিজের সেরা ছন্দে ফেরার সুযোগ পাচ্ছেন তিনি। কেশভ মহারাজের স্পিনও গুরুত্বপূর্ণ হতে পারে, বিশেষ করে নিউজিল্যান্ডের একাধিক বাঁহাতি ব্যাটারের বিপক্ষে।

পিচ ও কন্ডিশনও ম্যাচে বড় ভূমিকা রাখবে। আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা ম্যাচের উইকেটেই খেলা হবে। যেখানে পিচ ব্যাটিং সহায়ক হলেও পেস ও স্পিন দুই ধরনের বোলারই সাহায্য পেয়েছেন। রাতের ম্যাচ হওয়ায় টসের প্রভাব বাড়তে পারে। কারণ আলো জ্বলার পর ব্যাটিং কিছুটা সহজ হতে পারে।

দুই দলের টি-২০ বিশ্বকাপে ৪ মোকাবেলায় চারবারই প্রোটিয়ারা বিজয়ী হয়েছে। এবার নিউজিল্যান্ড চাইবে প্রতিশোধ নিতে।

কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলাটা সব সময়ই বিশেষ। তাদের পেস আক্রমণ বিশ্বের সেরা। তবে আমারা জানি কিভাবে চাপ সামলাতে হয়। আমাদের লক্ষ্য ম্যাচের প্রতিটি মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেয়া। এ বিশ্বকাপে কোনো দলকে হালকা করে নেয়ার সুযোগ নেই। আমরা সুপার ্এইটের দিকে এগোতে চাই তার আগে এ ম্যাচে ভালো পারফর্ম করাই মূল লক্ষ্য’।

এদিকে প্রোটিয়া অধিনায়ক এইডেন মাকরাম নিউজিল্যান্ডকে কঠিন প্রতিপক্ষ উল্লেখ করে বলেন, ‘আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে চাই। আমাদের বোলিং আক্রমণ ভারসাম্যপূর্ণ। বড় ম্যাচে আমরা আমাদের সেরাটা দিতে চাই’।

সব মিলিয়ে, দুই শিরোপা প্রত্যাশী দলের এই লড়াই বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচ হওয়ার সম্ভাবনা রাখে।