দলমতের ঊর্ধ্বে দক্ষিণাঞ্চলের উন্নয়নে কাজ করতে হবে : গোলাম পরওয়ার
Printed Edition
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনাসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে দলমতের ঊর্ধ্বে উঠে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এ অঞ্চলের উন্নয়নের জন্য সকল আন্দোলন সংগ্রামে আমি সক্রিয় ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। খুলনায় গ্যাস সরবরাহ না করে ঢাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ঘোষিত সকল কর্মসূচি সফল করতে হবে। খুলনার এয়ারপোর্ট নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে কথা হয়েছে। বিষয়টি তিনি গুরুত্বের সাথে দেখবেন বলে আশ^াস দিযেছেন। তিনি বলেন, ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর আমাদের একসাথে বসার সুযোগ হয়েছে। জামায়াত কার্যালয়ে বসে মতবিনিময় করতে পারছি। এ জন্য আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি। এই গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রূহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করছি।
গতকাল দুপুরে নগরীর রয়্যাল মোড়স্থ খুলনা মহানগরী জামায়াত কার্যালয়ে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় জামায়াতে ইসলামীর মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান, নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, মহানগরী সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, সহসভাপতি মো: নিজামউর রহমান লালু, মিনা আজিজুর রহমান, অধ্যাপক মো: আবুল বাসার, মামনুরা জাকির খুকুমনি, মহাসচিব অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ, যুগ্ম মহাসচিব মো: মনিরুজ্জামান রহিম, মোল্লা মারুফ রশীদ, সরদার রবিউল ইসলাম রবি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার সরদার রফিকুল আলম, অর্থ সম্পাদক শেখ গোলাম সরোয়ার, মৎস্য ও বন বিভাগ সম্পাদক এস এম মুর্শিদুল রহমান লিটন, দফতর সম্পাদক রকিব উদ্দিন ফরাজি, শ্রম সম্পাদক শেখ আব্দুস সালাম, খলিলুর রহমান, আব্দুল খালেক শিকদার, এইচ এম আলাউদ্দিন, প্রমিতি দফাদার প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় স্বাগত বক্তৃতা করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান। তিনি বলেন, ভোলা থেকে খুলনায় গ্যাস সরবরাহ না করে ঢাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ১৬ এপ্রিল খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তিনি উক্ত কর্মসূচিতে খুলনার সব নাগরিকদের অংশগ্রহণ করার আহ্বান জানান। এ ছাড়া আগামী ২৫ এপ্রিল ১৪৩তম খুলনা দিবস পালন উপলক্ষে র্যালি, আলোচনা সভা, কেক কাটা ও মেজবান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও তিনি জানান।