জরিপের ফল

এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

Printed Edition

বিবিসি

বিশ্বের বহু দেশে এখন চীনকে বেশি ইতিবাচকভাবে দেখা হয় বলে পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণায় উঠে এসেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অরাজনৈতিক গবেষণা প্রতিষ্ঠানটির এবারই প্রথম এমন ফল পেয়েছে। জরিপের ফল বলছে, অনেক দেশেই চীনের প্রতি ইতিবাচক বা ভালো ধারণা পোষণের হার রেকর্ড পর্যায়ে পৌঁছেছে; অন্য দিকে যুক্তরাষ্ট্রের প্রতি মানুষের ধারণা আগের চেয়ে আরো খারাপ হয়েছে।

সামগ্রিকভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি মানুষের আস্থা কমেছে। তবে দুজনের মধ্যে তুলনা করলে, ট্রাম্পের চেয়ে শি জিনপিংয়ের ওপর মানুষের আস্থা কিছুটা বেশি। মানুষ মনে করে, ব্যক্তিগত স্বাধীনতার প্রশ্নে যুক্তরাষ্ট্র এখনো চীনের চেয়ে বেশি সম্মান দেখায়; আবার অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর েেত্রও চীনের চেয়ে যুক্তরাষ্ট্র এগিয়ে আছে। পিউ গত ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ৩৬টি দেশে ৪২ হাজার মানুষের ওপর এ জরিপ পরিচালনা করে। জরিপে অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়েছিল, এই দুই পরাশক্তি দেশের প্রতি তাদের মনোভাব কেমন? খুব ইতিবাচক, কিছুটা ইতিবাচক, কিছুটা নেতিবাচক, নাকি খুব নেতিবাচক?

গবেষণা প্রতিষ্ঠানটি দেখতে পেয়েছে, যে ৩৬টি দেশে জরিপ করা হয়েছে, তার মধ্যে ২৫টি দেশেই যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের প্রতি বেশি মানুষের ইতিবাচক বা ভালো ধারণা রয়েছে। এ গবেষণার অন্যতম গবেষক জোনাথন শুলম্যান বলেন, পরাশক্তিদের প্রতি মানুষের মনোভাব ২০০২ সাল থেকে পর্যবেণ করে আসছে পিউ। তবে এবারই প্রথম এত বেশি দেশে চীনের পে এমন ফল দেখা গেল। পিউ রিসার্চ সেন্টার এর আগেও যুক্তরাষ্ট্রের প্রতি মানুষের ইতিবাচক ধারণা প্রশ্নে নিম্নমুখী প্রবণতা দেখেছিল। যেমন ২০০৮ সালে জর্জ বুশের প্রশাসনের শেষ সময়ে এবং ২০১৭ সালে ট্রাম্পের প্রথম মেয়াদের শুরুতে।

তবে সেই সময়েও চীন নিয়ে ইতিবাচক ধারণা পোষণকারীর হার যুক্তরাষ্ট্রের সমান কিংবা কিছুটা নিচেই ছিল বলে জানিয়েছেন গবেষক শুলম্যান। চীনকে বেশি পছন্দ করার েেত্র সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেছে স্পেন, ইন্দোনেশিয়া, ইতালি, গ্রিস ও কানাডায়। মাত্র ছয়টি দেশ এখনো যুক্তরাষ্ট্রকে বেশি পছন্দ করে, যার বেশির ভাগই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র পোল্যান্ড, ফিলিপিন্স, দণি কোরিয়া, ভারত, জাপান ও ইসরাইল।

গবেষণা প্রতিষ্ঠানটি আলাদাভাবে দেখতে পেয়েছে, গড় হিসাবে সাম্প্রতিক বছরগুলোতে ২০টি দেশে যুক্তরাষ্ট্রের প্রতি ইতিবাচক মনোভাব ধারাবাহিকভাবে কমেছে; অন্য দিকে চীনের প্রতি ইতিবাচক মনোভাব দিন দিন বাড়ছে।

যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের উপাত্তের ওপর ভিত্তি করে গবেষকরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে জরিপ করা এক-তৃতীয়াংশের বেশি দেশে চীনের প্রতি ইতিবাচক ধারণা পোষণকারীর সংখ্যা বেড়েছে। এ বছর জরিপ করা বেশ কিছু দেশে চীনের প্রতি ইতিবাচক মনোভাব অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে; যার মধ্যে ইতালি, স্পেন, কলম্বিয়া, মেক্সিকো, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নাইজেরিয়া ও তুরস্ক অন্যতম।

গবেষকরা সার্বিকভাবে দেখতে পেয়েছেন, চীনের প্রতি যেখানে মধ্য আয়ের দেশগুলোর মানুষের ইতিবাচক মনোভাব রয়েছে, সেখানে ধনী দেশগুলোর মানুষের মধ্যে রয়েছে নেতিবাচক মনোভাব। এর মধ্যে ব্যতিক্রম দেখা গেছে সিঙ্গাপুরে, জরিপ করা দেশগুলোর মধ্যে সেখানে মাথাপিছু জিডিপি সর্বোচ্চ হলেও দেশটির মানুষের মধ্যে চীনের প্রতি উচ্চমাত্রার ইতিবাচক মনোভাব দেখা গেছে।