বিএনপিকে যুক্তরাষ্ট্র ভারত পাকিস্তান ও চীনের অভিনন্দন
Printed Edition
কূটনৈতিক প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য বিএনপি এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও পাকিস্তান।
গতকাল ফেসবুকে মার্কিন দূতাবাসের পেজে দেয়া পোস্টে বলা হয়েছে, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।
ফেসবুকে দেয়া চীন দূতাবাসের পোস্টে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন এবং নির্বাচনে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) আন্তরিক শুভেচ্ছা। আমরা বাংলাদেশের নতুন সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করতে এবং চীন-বাংলাদেশ মৈত্রীর নতুন ইতিহাস রচনা করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, আমি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সুস্পষ্ট জয়ের পথে বিএনপিকে নেতৃত্ব দেয়ার জন্য তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। এই বিজয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে সমর্থন অব্যাহত রাখবে। বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করে তিনি লিখেছেন, আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরো জোরদার করতে এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যমাত্রা অগ্রসর করতে আপনার সাথে কাজ করার অপেক্ষায় রইলাম।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে এক্সে দেয়া বার্তায় লিখেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক আকাক্সক্ষাকে পাকিস্তান সমর্থন করে। বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতা জোরদার করার জন্য ইসলামাবাদ নতুন সরকারের সাথে কাজ করার জন্য উন্মুখ। আমি আশা করি ঢাকার নতুন রাজনৈতিক পরিবেশ এই অঞ্চলজুড়ে আরো সামঞ্জস্যপূর্ণ, স্বাধীন এবং পারস্পরিক শ্রদ্ধাশীল সম্পৃক্ততা বৃদ্ধিতে অবদান রাখবে।
অভিনন্দন জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
মালয়েশিয়া প্রতিনিধি জানান, জাতীয় নির্বাচনে বিএনপির ঐতিহাসিক বিজয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গতকাল শুক্রবার দুপুরে ইব্রাহিমের নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই অভিনন্দন জানান।
আনোয়ার ইব্রাহিমের পোস্টের হুবহু কপি তুলে ধরা হলো- ‘জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী জয়ের জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এটি গণতন্ত্রের বিজয় : অসাধারণ চ্যালেঞ্জের সময় পার করেও, বাংলাদেশী জনগণ ভোট বাক্সে স্পষ্টভাবে কথা বলেছেন।
এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় প্রধান উপদেষ্টা হিসেবে তার দায়িত্ব পালন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে এগিয়ে যাওয়া নিশ্চিত করার জন্য আমি আমার প্রিয় বন্ধু ড. মুহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।
মালয়েশিয়া আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন শক্তি জোগাতে নতুন বাংলাদেশী নেতৃত্বের সাথে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বাংলাদেশের জনগণের প্রতি আমাদের উষ্ণ শুভেচ্ছা জানাতে আমি মালয়েশিয়ার সাথে যোগ দিই।
মালদ্বীপের রাষ্ট্রপতির অভিনন্দন
মালদ্বীপ প্রতিনিধি জানান, মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে তার দলের নির্বাচনী ভূমিধস বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং একই সাথে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।
গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসাধারণ বিজয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন। একই সাথে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই।
বার্তায় তিনি আরো বলেন, মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতা আরো এগিয়ে নিতে এবং গভীর করতে একসাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।
একই সাথে ড. মোহাম্মদ মুইজ্জু পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাথে সহযোগিতা বৃদ্ধি ও সম্পর্ক আরো গভীর করার ব্যাপারে মালদ্বীপের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।