গোপালগঞ্জের ৩টি আসনেই বিএনপির জয় গণভোটে বিজয়ী ‘না’
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপি মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছেন। বিজয়ী প্রার্থীরা হলেন- মো: সেলিমুজ্জামান মোল্যা, ডা: কে এম বাবর ও এস এম জিলানী।
জেলার তিনটি আসনে মোট ভোটার ১০ লাখ ৯২ হাজার ৬১৮ জন।
এর মধ্যে গোপালগঞ্জ-১ আসনে পুরুষ ভোটার দুই লাখ দুই হাজার ৮২১ জন ও নারী ভোটার এক লাখ ৯৬ হাজার ৬৮৯ জন। মোট ভোট তিন লাখ ৯৯ হাজার ৫১০ জন। এ আসনে বিএনপি প্রার্থী মো: সেলিমুজ্জামান মোল্যা ৬৯ হাজার ৪৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী (কারাবন্দী) মো: কাবির মিয়া পেয়েছেন ৫৪ হাজার ৩২৯ ভোট। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আব্দুল হামিদ মোল্লা পেয়েছেন ৩৪ হাজার ৬৩৫ ভোট। এ আসনে সবচেয়ে কম ভোট পেয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নীরদ বরন মজুমদার। এ আসনে বৈধ ভোটের সংখ্যা এক লাখ ৯১ হাজার ৯৭৯ জন। বাতিল হয়েছে ৬ হাজার ৪৬৮ ভোট। ভোট পড়ার হার ৪৯.৬৭ শতাংশ।
গোপালগঞ্জ-২ আসনে মোট ভোটার তিন লাখ ৮৪ হাজার ৩২৪ জন। এর মধ্যে এক লাখ ৯৪ হাজার ৬২ জন পুরুষ ভোটার ও নারী ভোটার এক লাখ ৯০ হাজার ২৫৮ জন। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা: কে এম বাবর ৪০ হাজার ৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এইচ খান মঞ্জু পেয়েছেন ৩৩ হাজার ৩৯ ভোট। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শুয়াইব ইবরাহীম পেয়েছেন ২৮ হাজার ৬০৪ ভোট। অন্য স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া পেয়েছেন ২৭ হাজার ৮৯১ ভোট। এ আসনে সবচেয়ে কম ভোট পেয়েছেন গণফোরাম মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শাহ মফিজ। এ আসনে মোট বৈধ ভোট এক লাখ ৪৮ হাজার ৬২১। বাতিল ভোট চার হাজার ৪৬৪। ভোট পড়ার হার ৩৯.৮৩ শতাংশ।
গোপালগঞ্জ-৩ আসনে মোট ভোটার তিন লাখ আট হাজার ৭৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৫৮ হাজার ৪০৫ জন ও নারী ভোটার এক লাখ ৫০ হাজার ৩৭৮ জন। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী ৬০ হাজার ৯৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক পেয়েছেন ৩৪ হাজার ৩৩৯ ভোট। বাংলাদেশ খেলাফত মজলিসের আ: আজিজ পেয়েছেন ২৫ হাজার ১৫৩ ভোট। এ আসনে সবচেয়ে কম ভোট পেয়েছেন গণফোরাম মনোনীত প্রার্থী দুলাল চন্দ্র বিশ্বাস। এ আসনে মোট বৈধ ভোট এক লাখ ৩২ হাজার ৪৬৫। বাতিল ভোট চার হাজার ২০টি। ভোট পড়ার হার ৪৪.২০ শতাংশ।
গোপালগঞ্জের তিনটি আসনে প্রদত্ত গণভোটে ‘না’ ভোট দিয়েছেন ৩ লাখ ২৮ হাজার ৯৫৬ জন ও ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন এক লাখ ২২ হাজার ৫১৬ জন ভোটার।
নির্বাচনী ফলাফলের তথ্য নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও গোপালগঞ্জ জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান।