বসন্তে সেজে উঠেছে চকরিয়ার সূর্যমুখী ফুলের বাগান
Printed Edition
রফিক আহমেদ চকরিয়া (কক্সবাজার)
বসন্তের শুরতেই চকরিয়া উপজেলার সাহারবিল এলাকায় সূর্যমুখী ফুলের দৃষ্টিনন্দন বাগানে ভ্রমণপিপাসু দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বাগানজুড়ে নানা বয়সী মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো।
স্থানীয় এক ফুলপ্রেমীর উদ্যোগে গড়ে ওঠা এ বাগানে শত শত সূর্যমুখী ফুল একসাথে ফুটে মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে। বসন্তে প্রকৃতি সেজে ওঠে। এমন সময় ভ্রমণপিপাসুদের প্রকৃতির সৌন্দর্য দর্শনের ইচ্ছা প্রবল হয়। সে বিষয়টিকে মাথায় রেখে বাগানের মালিক দর্শনার্থীদের চলাচলের জন্য পথ সাজিয়ে তোলেন, যা আগতদের আকর্ষণ আরো বাড়িয়েছে। তরুণ-তরুণী, কিশোর-কিশোরীসহ বিভিন্ন বয়সী দর্শনার্থীরা ফুলের বাগানে ছবি ও ভিডিও ধারণে ব্যস্ত সময় পার করতে দেখা যায়।
বরইতলী ও আশপাশের এলাকায় গোলাপসহ বিভিন্ন ফুলের বাগান থাকলেও ফুটন্ত সূর্যমুখীর সৌন্দর্য আলাদা আবেদন তৈরি করেছে বলে জানান দর্শনার্থীরা। অনেকেই জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে পড়ার পর দূর-দূরান্ত থেকেও মানুষ বাগানটি দেখতে আসছেন।
সাহারবিল এলাকার এক দর্শনার্থী বলেন, শীতের শুরুতে ছোট পরিসরে বাগানটি করা হলেও ফুল ফোটার পর পুরো এলাকা হলুদ আভায় আলোকিত হয়ে ওঠে। দিন দিন এর পরিচিতি বাড়ায় দর্শনার্থীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।
স্থানীয়রা আশা করছেন, এমন উদ্যোগ পর্যটন সম্ভাবনা ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।