গত জুন মাসে প্রথমবারের মতো সৌর শক্তি ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত হয়েছে। একটি জ্বালানি থিঙ্ক ট্যাঙ্কের বরাত দিয়ে বৃহস্পতিবার প্যারিস থেকে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

ক্লিন এনার্জির পরিবর্তন নিয়ে গবেষণাকারী এম্বার গ্রুপ জানিয়েছে, জুন মাসে ইউরোপে বিদ্যুতের ২২ দশমিক এক শতাংশ সৌর প্যানেল থেকে এসেছে।

ব্রিটিশভিত্তিক প্রতিষ্ঠানটির মতে, এটি পারমাণবিক শক্তি থেকে ২১ দশমিক আট শতাংশ এবং বায়ু টারবাইন থেকে ১৫ দশমিক আট শতাংশের চেয়ে এগিয়ে আছে। গ্যাসের পরিমাণ ১৪ দশমিক চার শতাংশ ও জলবিদ্যুৎ থেকে ১২ দশমিক আট শতাংশ।

প্রতিষ্ঠানটি আরো বলেছে, কমপক্ষে ১৩টি দেশ সৌর শক্তির উৎপাদনের ক্ষেত্রে তাদের জাতীয় রেকর্ড ভেঙে দিয়েছে। ইউরোপের জন্য বায়ু বিদ্যুৎ উৎপাদনেও একটি নতুন রেকর্ড ছুঁয়েছে এবং কয়লা কখনো ইউরোপের বিদ্যুৎ উৎপাদনের এত কম অনুপাতের জন্য দায়ী ছিল না।

এম্বার অনুমান করেছে, এটি মহাদেশ জুড়ে ছয় দশমিক এক শতাংশ, যা ২০২৪ সালে আট দশমিক আট শতাংশ ছিল। তবে বিদ্যুতের চাহিদা বৃদ্ধির সাথে সাথে, ২০২৫ সালের প্রথমার্ধে কয়লার ব্যবহার ২০২৪ সালের একই সময়ের তুলনায় এখনো বেশি ছিল। প্রথম ছয় মাসে বিদ্যুতের চাহিদা গত বছরের তুলনায় দুই শতাংশেরও বেশি ছিল।

সূত্র : বাসস