ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় ডুবে গেছে বেশকিছু এলাকা। মঙ্গলবার এসব এলাকা থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
দেশটির দুর্যোগ সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার থেকে মুষলধারে বৃষ্টিপাতের ফলে জাকার্তা এবং এর আশেপাশে এলাকা ৩ মিটার পর্যন্ত ডুবে গেছে। বেশ কিছু রাস্তা বন্ধ হয়ে গেছে এবং এক হাজারটিরও বেশি বাড়িঘর ও গাড়ি ডুবে গেছে।
জাকার্তার গভর্নর প্রামোনো আনুং দ্বিতীয় সর্বোচ্চ বিপদ সংকেত জারি করেছেন। তিনি স্থানীয় সরকারকে বন্যার্ত এলাকা থেকে পানি উত্তোলনের জন্য জল পাম্প সক্রিয় করারও আহ্বান জানিয়েছেন।
এদিকে স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, পূর্বাঞ্চলীয় শহর বেকাসির একটি হাসপাতালও বন্যার পানিতে ডুবে গেছে। কিছু ওয়ার্ডে পানি ঢুকে পড়েছে। ফলে রোগীদের অন্য ভবনে সরিয়ে নেয়া হয়েছে। অন্যদিকে হাসপাতালের অন্যান্য অংশ বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয়েছে।
দেশটির আবহাওয়া সংস্থা সতর্ক করে বলেছে, আগামী ১১ মার্চ পর্যন্ত রাজধানী ও আশেপাশের শহরগুলোতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রী সাইফুল্লাহ ইউসুফ বলেন, সরকার অস্থায়ী আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং উদ্বাস্তুদের জন্য খাবার, পোশাক ও ওষুধ বিতরণ শুরু করেছে।
এছাড়াও বাসিন্দাদের স্কুল, মসজিদ ও গির্জায় সরিয়ে নেয়া হয়েছে।
তিন কোটিরও বেশি মানুষের আবাসস্থল বৃহত্তর জাকার্তা মহানগর এলাকা নিয়মিত বন্যার কবলে পড়ে। তবে বেশ কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, বর্তমান পরিস্থিতি, বিশেষ করে বেকাসির পরিস্থিতি ২০২০ সালের পর থেকে সবচেয়ে খারাপ।
সূত্র : রয়টার্স