পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার দেরা ইসমাইল খান এলাকায় বন্দুকযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন ও নিষিদ্ধ সংগঠনের সাথে যুক্ত কমপক্ষে ১০ জন উগ্রবাদী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

সেনাবাহিনীর মিডিয়া শাখার এক বিবৃতিতে বলা হয়েছে, এলাকায় উগ্রবাদীদের উপস্থিতির খবর পাওয়ার পর বৃহস্পতিবার গোয়েন্দা তথ্য-ভিত্তিক অভিযান (আইবিও) পরিচালিত হয়।

এতে বলা হয়েছে, ‘তীব্র গোলাগুলির সময় ক্যাপ্টেন হাসনাইন আখতার সামনে থেকে তার সৈন্যদের নেতৃত্ব দিয়েছেন। তিনি বীরত্বের সাথে লড়াই করেছেন এবং চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছেন।’

আইএসপিআর জানিয়েছে, নিহত উগ্রবাদীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। তারা আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে অসংখ্য হামলার পাশাপাশি নিরীহ বেসামরিক নাগরিকদের টার্গেট কিলিংয়ে জড়িত ছিল।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘এই এলাকায় একটি স্যানিটাইজেশন অভিযান পরিচালিত হচ্ছে। নিরাপত্তা বাহিনী দেশ থেকে উগ্রবাদের হুমকি নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ।’

আফগানিস্তানে ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে, বিশেষ করে সীমান্তবর্তী প্রদেশ খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে আইন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলার মুখোমুখি হচ্ছে দেশটি।

পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস) নামে একটি থিঙ্ক ট্যাঙ্কের প্রকাশিত তথ্য অনুসারে, ২০২৫ সালের জানুয়ারিতে দেশটিতে সন্ত্রাসী হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যা আগের মাসের তুলনায় ৪২ শতাংশ বেশি।

সূত্র : এনডিটিভি