ভারতের মধ্যাঞ্চলে ছত্তিশগড় রাজ্যে নিরাপত্তা বাহিনীর সাথে দেশটির মাওবাদী বিদ্রোহীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৩০ জন মাওবাদী বিদ্রোহী ও নিরাপত্তা বাহিনীর এক সৈন্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ মার্চ) ছত্তিশগড়ের পৃথক দুইটি স্থানে মাওবাদী বিদ্রোহীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, মধ্য ছত্তিশগড় রাজ্যে দুটি পৃথক সংঘর্ষের মধ্যে একটিতে একজন ভারতীয় আধাসামরিক বাহিনীর সৈন্যও নিহত হয়েছেন। দিনভর সংঘর্ষে মাওবাদী বিদ্রোহীদের অন্তত ৩০ সদস্যও নিহত হয়েছেন।
বাস্তারের পুলিশ মহাপরিদর্শক সুন্দররাজ পাটিলিঙ্গম জানান, বিজাপুর জেলায় সংঘটিত এক সংঘর্ষে ওই সৈনিক নিহত হয়েছেন। এ সময় ২৬ জন বিদ্রোহীও নিহত হয়েছেন।
এছাড়াও রাজ্যের দক্ষিণে পৃথক সংঘর্ষে আরো চার বিদ্রোহী নিহত হয়েছেন। সংঘর্ষস্থলে তল্লাশি চালিয়ে নিরাপত্তা বাহিনী অস্ত্র ও গোলাবারুদের মজুদ উদ্ধার করেছে।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেছেন, ’মোদি সরকার নকশালদের বিরুদ্ধে নির্মম পদক্ষেপ নিয়ে এগিয়ে চলেছে এবং যারা আত্মসমর্পণ করছে না তাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করছে।’
রোববার প্রকাশিত ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের এক হিসাব অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ৮০ জনেরও বেশি মাওবাদী নিহত হয়েছেন।
চীনা বিপ্লবী নেতা মাও সেতুংয়ের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে ১৯৬৭ সালে মাওবাদীরা সশস্ত্র বিদ্রোহ শুরু করে। তারা নকশাল নামেও পরিচিত।
ভারতে কয়েক দশক ধরে চলমান নকশাল বিদ্রোহে ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। মাওবাদীরা ভারতের খনিজসম্পদ সমৃদ্ধ এই মধ্যাঞ্চলের প্রান্তিক মানুষের অধিকারের জন্য লড়াই করছে। তারা স্থানীয় বাসিন্দাদের জন্য জমি, চাকরি ও অঞ্চলের বিশাল প্রাকৃতিক সম্পদের একটি অংশ দাবি করে।
সূত্র : এএফপি