ভারতের নাগপুর শহরে মোগল সম্রাট আওরঙ্গজেবের কবর সরিয়ে নেয়ার কট্টর হিন্দু গোষ্ঠীগুলোর দাবিকে ঘিরে সহিংসতা হয়েছে।

সোমবার রাতের এ ঘটনায় এক ডজনেরও বেশি পুলিশ আহত হওয়ার পর শহরটির কিছু অংশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। খবর পিটিআই ও এনডিটিভির।

মহারাষ্ট্রের আওরঙ্গাবাদ জেলা থেকে মোগল সম্রাট আওরঙ্গজেবের কবর সরিয়ে নেয়ার দাবি জানাচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)।

পুলিশ জানিয়েছে, নাগপুরের মাহাল অঞ্চলে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সমর্থকরা শিবাজি মহারাজের মূর্তির কাছে সমবেত হয়ে মোগল সম্রাট আওরঙ্গজেবের সমাধি মহারাষ্ট্রের বাইরে নিয়ে যাওয়ার দাবি জানাতে থাকে। তারা আওরঙ্গজেবের প্রতীকী সমাধি পোড়ায়। এরপরই এটা নিয়ে নানা ধরনের গুজব ছড়াতে থাকে।

আওরঙ্গজেবের সমাধি রয়েছে সাবেক আওরঙ্গাবাদ ও বর্তমান সম্ভাজি নগরে, যা নাগপুর থেকে অনেকটা দূরে।

এরপর সাড়ে ৭টার দিকে কিছু মানুষ পাল্টা বিক্ষোভ দেখাতে থাকেন। সেখান থেকে সহিংসতা ছড়ায়, সংঘর্ষ হয়। প্রচুর দোকান, বাড়ি, গাড়িসহ যানবাহনে আগুন লাগানো হয়। পুলিশের দিকেও পাথর ছোঁড়া হয়। পুলিশ লাঠি চালায় এবং কাঁদানে গ্যাসের শেল ফাটায়।

তারপর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে বলে পুলিশ দাবি করেছে। সংঘর্ষে নয়জন আহত হয়েছেন, ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।