ভারতশাসিত কাশ্মিরে ভয়াবহ হত্যাকাণ্ডে দেশের বিভিন্ন স্থান থেকে এ পর্যন্ত অন্তত ১৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় পুলিশ জানিয়েছে, ‘নিরাপত্তা বাহিনী ভারত-শাসিত কাশ্মিরজুড়ে ১৭৫ জনকে আটক করেছে।’ এ সময় বেশ কয়েকটি রাইফেল ও গোলাবারুদসহ একটি ‘উগ্রবাদী আস্তানা’ খুঁজে পাওয়ারও দাবি করেছে।
এদিকে, উত্তর-পূর্ব আসাম রাজ্যের পুলিশ সোশ্যাল মিডিয়া পোস্টে ‘পাকিস্তানকে সমর্থন’ করার অভিযোগে কমপক্ষে ১০ জনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে।
উল্লেখ্য, কাশ্মিরের পেহেলগামে এক ভয়াবহ হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছে। এর জন্য ভারতীয় কর্তৃপক্ষ পাকিস্তানের দিকে আঙ্গুল তাক করছে। এরপর তাদের বিরুদ্ধে শায়েস্তামূলক নানা পদক্ষেপও গ্রহণ করেছে। এর পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানকেও নানা পদক্ষেপ নিতে হয়েছে।
সূত্র : আল জাজিরা