মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে তিন হাজার ৪৭১ জনে দাঁড়িয়েছে বলে রোববার জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এছাড়াও চার হাজার ৬৭১ জন আহত এবং ২১৪ জন নিখোঁজ হয়েছেন। অনুসন্ধান ও উদ্ধারকারী দল আরো লাশ উদ্ধার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় ও আন্তর্জাতিক উদ্ধারকারী দল ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া প্রায় ৬৫৩ জনকে জীবিত ও ৬৮২ জনের লাশ উদ্ধার করেছে।
জাতিসঙ্ঘের শীর্ষ ত্রাণ কর্মকর্তা টম ফ্লেচার মান্দালয়ে ক্ষতিগ্রস্তদের সাথে দেখা করার সময় সেখানকার পরিস্থিতিকে ‘মর্মান্তিক’ বলে অভিহিত করেছেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
সাহায্যকারী গোষ্ঠীগুলো আশঙ্কা করছে, অসময়ের বৃষ্টিপাত ও প্রচণ্ড তাপের সংমিশ্রণে কলেরাসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। আবারো ভূমিকম্প হতে পারে এমন আশঙ্কায় দেশটির জনগণ খোলা আকাশের নিচে বসবাস করছেন।
ইতোমধ্যে ভূমিকম্পের কারণে বন্ধ থাকা ইয়াঙ্গুন-মান্দালয় রেললাইন ও মান্দালয় আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে।
ভূমিকম্পে ইয়াঙ্গুন-মান্দালয় লাইনের ৬০টি বাঁধ ও ১১টি রেল সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি কিছু এলাকায় রেললাইন বেঁকে গিয়েছে।
প্রতিবেশী দেশ থাইল্যান্ডে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন ৭৭ জন।
সূত্র : আনাদোলু এজেন্সি