বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলে শনিবার (৫ এপ্রিল) রাতে সই করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ফলে সংসদে পাশ হওয়া বিলটি আইনে পরিণত হয়েছে।
গত বুধবার গভীর রাতে সরকার ও বিরোধী পক্ষের দীর্ঘ বিতর্কের পর লোকসভায় ৫৬ ভোটের ব্যবধানে পাশ হয় ওয়াকফ সংশোধনী বিল। বিলের পক্ষে ছিল ২৮৮টি ভোট আর বিপক্ষে ২৩২টি। বৃহস্পতিবার গভীর রাতে ১২৮-৯৫ ভোটে রাজ্যসভায় পাশ হয় এই সংশোধনী বিল। পরে লোকসভা ও রাজ্যসভায় পাশ হওয়া বিল অনুমোদনের জন্য পাঠানো হয় রাষ্ট্রপতি ভবনে। শনিবার রাতে রাষ্ট্রপতি স্বাক্ষর করার পর বিলটি আইনে পরিণত হয়।
ভারত সরকারের গেজেটিয়ারে ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে সংশোধনী আইনের বিজ্ঞপ্তি। সংশোধিত আইন অনুযায়ী ‘ওয়াকফ’ শব্দের অর্থ ‘ঐক্যবদ্ধ ওয়াকফ ব্যবস্থাপনা, ক্ষমতায়ন, দক্ষতা ও উন্নয়ন’। নতুন আইন অনুযায়ী, কোনো জমি ওয়াকফ কি-না, সেই সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট জেলাশাসক। বোর্ডে এবার থেকে থাকতে পারবেন অমুসলিম প্রতিনিধিরাও। কেন্দ্র ও রাজ্য সরকারেরও নিয়ন্ত্রণ থাকবে।
উল্লেখ্য, উল্লেখ্য, ওয়াকফের অধীনে ভারতে মোট ৮.৭ লাখ সম্পত্তি আছে। ৯.৪ লাখ একর জমি নিয়ন্ত্রণ ও পরিচালনা করে ওয়াকফ। যার আনুমানিক মূল্য ১.২ লাখ কোটি টাকা। সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি আছে উত্তরপ্রদেশে (২,৩২,৫৪৭, দেশের মোট ওয়াকফ সম্পত্তির ২৭ শতাংশ)।
তারপরই তালিকায় আছে পশ্চিমবঙ্গ। রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গে মোট ৮০ হাজার ৫৪৮টি ওয়াকফ সম্পত্তি রয়েছে। এখানে ওয়াকফ সম্পত্তির ওপরে রয়েছে ১৫৮টি স্কুল, চারটি ইংলিশ মিডিয়াম মাদরাসা, ১৯টি মুসলিম হোস্টেল, ৯টি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র। সংশোধনী বিলের বিরোধিতা করে আগেই আদালতে মামলা দায়ের করা হয়েছে।
সূত্র : আনন্দবাজার