মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইয়েমেনে বড় পরিসরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের হাউছি বিদ্রোহীদের বিরুদ্ধে এ হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
রোববার (১৬ মার্চ) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
ল্যাভরভ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে টেলিফোনে কথা বলেছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়টি।
মন্ত্রণালয় বলেছে, ‘মার্কিন প্রতিনিধির যুক্তির জবাবে, সের্গেই ল্যাভরভ অবিলম্বে হামলা বন্ধের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন এবং রক্তপাত রোধে সমাধান খুঁজে বের করতে সকল পক্ষের রাজনৈতিক সংলাপে অংশগ্রহণের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।’
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের মানবিক সহায়তা অবরোধের প্রতিবাদে লোহিত সাগরে ইসরাইলি-সংশ্লিষ্ট জাহাজগুলোতে পুনরায় আক্রমণ চালানোর হুমকি দেয় ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা। এরই ধারাবাহিকতায় শনিবার ট্রাম্পের নির্দেশে সেখানে বড় আকারের সামরিক হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। হামলায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন, যার অধিকাংশই নারী ও শিশু। এছাড়াও আহত হয়েছেন ১০১ জন।
জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে মধ্যপ্রাচ্যে এটিই সবচেয়ে বড় মার্কিন সামরিক অভিযান।
এক মার্কিন কর্মকর্তা ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে জানান, এই হামলা কয়েক সপ্তাহ ধরে চলতে পারে।
সূত্র : টাইমস অফ ইসরাইল