গাজার সাংবাদিকদের জঙ্গী হিসেবে চিত্রিত করার জন্য বিশেষ ইউনিট গঠন ইসরাইল। তেলআবিবভিত্তিক ম্যাগাজিন +৯৭২-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সেনাবাহিনী ‘লেগিটিমাইসেশন সেল’ নামে একটি বিশেষ ইউনিট গঠন করেছে। এর মূল উদ্দেশ্য গাজার এমন সাংবাদিকদের খুঁজে বের করা যাদের হামাস বা অন্যান্য সংগঠনের সাথে যুক্ত করে ‘সন্ত্রাসী’ হিসেবে উপস্থাপন করা সম্ভব।

তিনটি ইসরাইলি গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ম্যাগাজিনটি জানায়, এই ইউনিটের লক্ষ্য ছিল জনসংযোগ; নিরাপত্তা নয়। সমালোচনা তীব্র হলে সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবহারযোগ্য তথ্য সংগ্রহ করাই ছিল এর কাজ, যা নিয়মিতভাবে সরাসরি মার্কিন কর্মকর্তাদের কাছেও পাঠানো হতো।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরুর পর অন্তত একটি ক্ষেত্রে এই ইউনিট ভুলভাবে গোয়েন্দা তথ্য উপস্থাপন করে এক সাংবাদিককে হামাসের সামরিক শাখার সদস্য হিসেবে মিথ্যা চিত্রিত করেছে।

আল জাজিরার সাংবাদিক আনাস আশ-শরিফ ও ইসমাইল আল-ঘৌলের বিরুদ্ধেও একই ধরনের কারসাজির প্রমাণ পাওয়া গেছে।

সূত্র : আল জাজিরা