মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুাউছিদের প্রতি সমর্থন বন্ধ করতে ইরানকে সতর্ক করার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানের পররাষ্ট্র নীতির ওপর যুক্তরাষ্ট্রের ‘কোনো অধিকার নেই।’
সম্প্রতি গাজা উপত্যকায় ইসরাইলের মানবিক সহায়তা অবরোধের প্রতিবাদে লোহিত সাগরে ইসরাইলি-সংশ্লিষ্ট জাহাজগুলোতে পুনরায় আক্রমণ চালানোর হুমকি দেয়ার পর ইয়েমেনের হাউছি বিদ্রোহীদের ওপর বড় আকারের সামরিক হামলা শুরু করেছেন ট্রাম্প। হাউছিদের পাশাপাশি তিনি ইরানকেও সতর্ক করে বলেন, তাদের অবিলম্বে এই গোষ্ঠীর প্রতি সমর্থন বন্ধ করা উচিত।
আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেন, ‘ইরানের পররাষ্ট্রনীতি নির্ধারণের কোনো কর্তৃত্ব বা অধিকার মার্কিন সরকারের নেই। সেই যুগের অবসান ১৯৭৯ সালেই হয়েছিল।’
শনিবার ট্রাম্প বলেন, তিনি ইয়েমেনের রাজধানী সানায় ধারাবাহিক বিমান হামলার নির্দেশ দিয়েছেন এবং আনসারুল্লাহ আন্দোলনের কর্মকাণ্ডের জন্য ইরানকে ‘সম্পূর্ণ জবাবদিহি’ করার হুমকি দিয়েছেন।
এর প্রতিক্রিয়ায় আরাঘচি গাজা উপত্যকায় ইসরাইলি সরকারের গণহত্যা যুদ্ধের প্রতি ওয়াশিংটনের সমর্থনের দিকে ইঙ্গিত করেন। তিনি ‘ইসরাইলি গণহত্যা ও সন্ত্রাসবাদের’ প্রতি সমর্থন বন্ধ করতে এবং ‘ইয়েমেনি জনগণের হত্যা’ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান।
তিনি বার্তায় বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত বছর একটি গণহত্যামূলক শাসনব্যবস্থার কাছে ২৩ বিলিয়ন ডলার হস্তান্তর করেছিলেন।’
তিনি আরো বলেন, ‘৬০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং বিশ্ব যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণরূপে দায়ী করছে।’
সূত্র : ইরনা