যুক্তরাষ্ট্রের সাথে হামাসের বৈঠকে ইসরাইলকে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে বাধ্য করার শর্তে চার মার্কিন বন্দীকে মুক্তি দিতে সম্মত হয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনটি। শুক্রবার (১৪ মার্চ) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চার মার্কিন বন্দীকে মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছে হামাস। তাদের মধ্যে একজন জীবিত। আর বাকি তিনজনের লাশ ফেরত দেয়া হবে। চারজনেরই ইসরাইলি নাগরিকত্বও রয়েছে।
হামাস বলেছে, যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ের আলোচনা শুরু করার জন্য মধ্যস্থতাকারীদের থেকে তারা ভিন্ন একটি প্রস্তাব পেয়েছে। সেটি তারা ইতিবাচকভাবে বিবেচনা করছে।
এ সময় তারা ইসরাইলকে যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী সম্পূর্ণরূপে মেনে চলারও আহ্বান জানায়।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধ আজ ৫২৩ দিনে উপনীত হয়েছে। এ সময় ইসরাইলি আগ্রাসনে অন্তত ৪৮ হাজার ৫২৪ জন নিহত হয়েছে। এছাড়া ১ লাখ ১১ হাজার ৯৫৫ জন আহত হয়েছে। এখনো ১১ হাজারের বেশি নিখোঁজ রয়েছে।
সূত্র : আল জাজিরা ও অন্যান্য