মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে পারমাণবিক চুক্তির আলোচনা নিয়ে এখনো কোনো চিঠি পায়নি বলে জানিয়েছে ইরান। শুক্রবার (৭ মার্চ) ইরান দূতাবাসের একজন মুখপাত্র বলেন, ‘আমরা এখনো পর্যন্ত এমন কোনো চিঠি পাইনি।’
এর আগে, ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তেহরানের দ্রুত অগ্রসরমান পারমাণবিক কর্মসূচি রোধে একটি নতুন চুক্তির বিষয়ে আলোচনার আহ্বান জানানো হয়েছে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ওয়াশিংটনের কঠোর নিষেধাজ্ঞার মধ্যে থাকলে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের পারমাণবিক আলোচনার সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন।
আরাঘচি ফরাসি বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘যতক্ষণ তারা তাদের সর্বোচ্চ চাপ নীতি ও হুমকি অব্যাহত রাখবে, ততক্ষণ পর্যন্ত আমরা তাদের সাথে সরাসরি কোনো আলোচনায় বসব না।’
জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকে ট্রাম্পের প্রশাসন তার ‘সর্বোচ্চ চাপ’ কৌশলের অংশ হিসেবে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে দেশটির তেল নেটওয়ার্কও রয়েছে।
ট্রাম্পের চিঠির পাওয়ার বিষয়টি নিশ্চিত করেনি খামেনির কার্যালয়। পারমাণবিক চুক্তি সংকান্ত চিঠি পেলে খামেনি কী প্রতিক্রিয়া জানাবেন তা এখনো স্পষ্ট নয়। কারণ সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৫ সালে ইরানের পারমাণবিক চুক্তির আলোচনা শুরুর আগ পর্যন্ত খামেনির কাছে লেখা তার চিঠিগুলো গোপন রেখেছিলেন।
তবে হোয়াইট হাউস ট্রাম্পের মন্তব্য নিশ্চিত করে জানিয়েছে, ট্রাম্প ইরানের নেতৃত্বের কাছে একটি চিঠি পাঠিয়েছেন যাতে তারা পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করতে পারে।
সূত্র : আল জাজিরা