বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) শুক্রবার জানিয়েছে, ‘তীব্র তহবিল ঘাটতি’র কারণে আগামী এপ্রিল মাস থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে দশ লাখেরও বেশি মানুষের খাদ্য সহায়তা বন্ধ হয়ে যাবে।
বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
জাতিসঙ্ঘ পরিচালিত সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘তহবিলের তীব্র ঘাটতির কারণে এপ্রিল থেকে দশ লাখেরও বেশি মানুষের জন্য ডব্লিউএফপির জীবনরক্ষাকারী খাদ্য সহায়তা বন্ধ করে দেয়া হবে।’
তহবিল সঙ্কটের বিষয়ে বিস্তারিত কিছু বলেনি সংস্থাটি। এছাড়া, এই সঙ্কটের নেপথ্যে বিশ্বব্যাপী মার্কিন সহায়তা হ্রাসে ট্রাম্পের আদেশের প্রভাব রয়েছে কিনা, সেই বিষয়েও খোলাসা করেনি ডব্লিউএফপি।
মিয়ানমারে ২০২১ সালে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতায় আসে দেশটির সামরিক বাহিনী। ফলে দেশব্যাপী বিদ্রোহ দেখা দেয়। তখন থেকেই জান্তা সরকার ও বিদ্রোহীদের সংঘর্ষে দেশটির মারাত্মক অস্থিতিশীলতার মধ্য দিয়ে অতিক্রম করছে।
জাতিসঙ্ঘ মানবাধিকার বিশেষজ্ঞদের ধারণা, দেশটির প্রায় দুই কোটি মানবিক সহায়তা প্রয়োজন এবং প্রায় দেড় কোটি মানুষ চরম খাদ্য সঙ্কটে আছে।
সূত্র : এএফপি