দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্ট স্যামসাংয়ের প্রধান লি জে-ইয়ংকে জালিয়াতির সব অভিযোগ থেকে খালাস দিয়েছেন। ২০১৫ সালের একটি একীভূতকরণ চুক্তিতে অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে মামলা চলছিল। এর মাধ্যমে পাঁচ বছর ধরে চলা আইনি প্রক্রিয়ার চূড়ান্ত নিষ্পত্তি হলো।

লি, যিনি স্যামসাংয়ের প্রতিষ্ঠাতার নাতি এবং ২০১৪ সাল থেকে কার্যত কোম্পানির প্রধান নির্বাহী, তার বিরুদ্ধে শেয়ার ও হিসাব জালিয়াতির মাধ্যমে কোম্পানির নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করার অভিযোগ ছিল। আদালত এই অভিযোগ খারিজ করে দিয়েছে। এর আগেও জেলা ও আপিল আদালত তাকে নির্দোষ ঘোষণা করেছিল।

অভিযোগ ছিল, স্যামসাং বায়োলজিকসের শেয়ারমূল্য কৃত্রিমভাবে বাড়িয়ে লি অধিক শেয়ার অধিগ্রহণ করে স্যামসাংয়ের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। তবে আদালত একীভূতকরণ এবং হিসাব কার্যক্রমকে আইনি বলেই স্বীকৃতি দিয়েছে।

এর আগে লি জে-ইয়ং ঘুষ কেলেঙ্কারিতে জড়িয়ে ২০১৭ সালে গ্রেপ্তার হয়ে ১৮ মাস কারাভোগ করেন। ২০২২ সালে তিনি রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় মুক্তি পান।

সূত্র : বিবিসি