মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উপকণ্ঠে মঙ্গলবার (১ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা পেট্রোনাসের একটি গ্যাসের পাইপলাইনে আগুন লেগে ৩৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আহতদের মধ্যে ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন নেভানোর চেষ্টা চলছে।

সেলাঙ্গর ফায়ার বিভাগের কর্মকর্তারা এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন।

সেলাঙ্গর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাজওয়ান হালিমি রাষ্ট্রীয় বার্তাসংস্থা বার্নামাকে জানিয়েছেন, কাম্পুং কুয়ালা সুঙ্গাই বারুতে ঘরবাড়িতে লোকজন আটকা পড়েছে এবং উদ্ধার তৎপরতা চলছে।

এদিকে পেট্রোনাস এক বিবৃতিতে জানিয়েছে, পাইপলাইনটি বিচ্ছিন্ন করা হয়েছে।

অপরদিকে সেলাঙ্গর ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, আগুনের ফলে বেশকিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংবাদমাধ্যমের প্রকাশিত ছবি ও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ফুটেজে দেখা গেছে, বিশাল আগুন জ্বলছে এবং ধোঁয়া বের হচ্ছে।

ফায়ার সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, পুচং শহরে প্রায় পাঁচ শ’ মিটার লম্বা একটি পাইপলাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। পেট্রোনাস জ্বলন্ত পাইপলাইনের ভালভ বন্ধ করে দিয়েছে।

সূত্র : এএফপি/বাসস