আফগানিস্তানে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। রাজধানী কাবুলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তালেবান সরকারের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী হাবিবুল্লাহ আঘা।
তিনি জানান, স্কুলের সিলেবাস পুনরায় পর্যালোচনা করা হবে এবং ইসলাম ও আফগান সংস্কৃতির বিরোধী সব বিষয় সম্পূর্ণভাবে বাদ দেয়া হবে।
শিক্ষামন্ত্রী বলেন, নতুন কারিকুলাম ধর্মীয় শিক্ষা ও আধুনিক বিজ্ঞানের ওপর ভিত্তি করে তৈরি করা হবে।
তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, ‘কারিকুলামে যেসব ইসলাম ও আফগান সংস্কৃতিবিরোধী বিষয় আছে, তা আমরা বাদ দেব। এটি কেউ মানুক বা না মানুক, আমরা এমন একটি কারিকুলাম তৈরি করব, যা ধর্মীয়, আধুনিক ও আফগান সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ।’
উল্লেখ্য, শুক্রবার (২১ মার্চ) দেশটিতে ১৪০৪ সৌরবর্ষের শিক্ষাবর্ষ শুরু হয়েছে। শিক্ষাবর্ষ শুরুর এই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর পাশাপাশি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সূত্র : তোলো নিউজ