প্রশিক্ষণের সময় একটি বেসামরিক এলাকায় দুর্ঘটনাবশত বোমা ফেলেছে দক্ষিণ কোরিয়ার একটি যুদ্ধবিমান। এতে দুই সেনা ও পাঁচ বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

বৃহস্পতিবারের (৬ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির বিমান বাহিনী।

দক্ষিণ কোরিয়ার বার্তাসংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে, এতে দুই সেনাসহ পাঁচ বেসামরিক নাগরিক আহত হয়েছেন। আহতদের অবস্থা গুরুতর। এছাড়াও এ ঘটনায় সাতটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

মার্কিন বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) খবরে বলা হয়েছে, কেএফ-১৬ যুদ্ধবিমান থেকে অস্বাভাবিকভাবে এমকে-৮২ বোমা নিক্ষেপ করা হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্টভাবে নির্ণয় করা যায়নি।

দুর্ঘটনার কারণ ও বেসামরিক ক্ষয়ক্ষতি নির্ধারণে একটি কমিটি গঠন করা হবে বলে জানায় বিমান বাহিনী।

বেসামরিক ক্ষয়ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করে দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী জানায়, ‘এ ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেয়া হবে ও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।’

সেনাবাহিনীর সাথে ‘সরাসরি গুলি’ চালানোর মহড়ায় অংশ নিয়েছিল যুদ্ধবিমানটি।

বিবৃতিতে দুর্ঘটনাস্থান সম্পর্কে উল্লেখ করা হয়নি। তবে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সীমান্তবর্তী শহর পোচিওনে ঘটনাটি ঘটেছে।

সূত্র : ইউএনবি