সামরিক অভ্যুত্থানবিরোধী যোদ্ধাদের দখলে থাকা মিয়ানমারের একটি গ্রামে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। বেসামরিক এলাকা লক্ষ্য করে বোমা হামলাটি চালানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা।

মিয়ানমারের সামরিক বাহিনী ২০২১ সালের এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। এটি দেশটিকে এক ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে।

বিশ্লেষকরা বলেছেন, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে জান্তা বাহিনী ক্রমবর্ধমানভাবে বিমান হামলা চালাচ্ছে।

শুক্রবার বিকেলে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে লেতপানহ্লা গ্রামে হামলা চালানো হয়। সিঙ্গু অঞ্চলের ওই গ্রামটি পিপলস ডিফেন্স ফোর্সেসের (পিডিএফ) অভ্যুত্থানবিরোধী গেরিলাদের দখলে রয়েছে। চার বছর আগে সেনাবাহিনী দেশটির বেসামরিক সরকারকে উৎখাত করার পর তারা অস্ত্র হাতে যুদ্ধ শুরু করে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন প্রশাসনিক কর্মকর্তা বলেন, ‘জনবহুল এলাকায় বোমা ফেলার কারণে অনেক মানুষ নিহত হয়েছে। এটা এমন সময় ঘটেছে, যখন লোকজন বাজারে যাচ্ছিল।’

শনিবার তিনি বলেন, আমরা একটি তালিকা তৈরি করছি। এতে নিহত ১২ জনের নাম নিবন্ধন করেছি।

সূত্র : এএফপি/বাসস