মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে আজ শুক্রবার প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) হাজির করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে এক বিবৃতিতে আদালত জানিয়েছে, শুক্রবার বেলা ২টায় (স্থানীয় সময়) দুতার্তের প্রথম হাজিরা নির্ধারণ করেছে চেম্বার। নেদারল্যান্ডসের ‘দ্য হেগ’ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

৭৯ বছর বয়সী দুতার্তে শুনানির জন্য বিচারকদের সামনে হাজির হবেন। কোন কোন অপরাধে তিনি অভিযুক্ত এবং বিবাদী হিসেবে তার অধিকার সম্পর্কে সেখানে তাকে অবহিত করা হবে।

মাদক সেবনকারী ও মাদককারবারিদের বিরুদ্ধে বছরের পর বছর অভিযান চালাতে গিয়ে দুতার্তে মানবতাবিরোধী অপরাধ করেছেন বলে অভিযোগ রয়েছে।

মানবাধিকার সংগঠনগুলো বলেছে, তার এই মাদকবিরোধী অভিযানে হাজার হাজার মানুষ হত্যার শিকার হয়েছেন।

আইসিসির গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার ম্যানিলায় দুতার্তেকে গ্রেফতার করে দেশটির পুলিশ। এরপর তাকে নেদারল্যান্ডসের ‘দ্য হেগ’ শহরে অবস্থিত আইসিসিতে পাঠানো হয়।

নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে পৌঁছানোর পর ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট তার কর্মকাণ্ডের দায় স্বীকার করেছেন।

ফেসবুকে এক ভিডিওতে তিনি বলেন, ‘আমি পুলিশ ও সেনাবাহিনীকে বলছি, এই কাজ আমি করেছি এবং এর জন্য আমিই দায়ী।’

এদিকে আইসিসি’র শুনানির সরাসরি সম্প্রচার দেখতে শুক্রবার রাতে ম্যানিলায় পরিবারের সদস্য, আইনজীবী ও মানবাধিকারকর্মীদের একটি দল জড়ো হওয়ার কথা রয়েছে। আয়োজক ‘রাইজ আপ ও দুতার্তে অ্যাকাউন্টেবিলিটি ক্যাম্পেইন নেটওয়ার্ক’ এ তথ্য জানিয়েছে। সূত্র : বাসস