তাইওয়ানের পশ্চিম উপকূলে রোববার গভীর রাতে ঘূর্ণিঝড় ডানাস আঘাত হেনেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দ্বীপটিতে প্রবল বৃষ্টিপাত হয়েছে এবং বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে।

কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের বরাত দিয়ে তাইপে থেকে বার্তাসংস্থা এএফপি একথা জানিয়েছে।

আবহাওয়া সংস্থা জানায়, চিয়াই কাউন্টির বুদাই শহরের কাছে স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে ঝড়টি আঘাত হানে। এ সময় ঝড়টির সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৪৪ কিলোমিটার (প্রায় ৯০ মাইল)।

কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের সর্বশেষ পরামর্শ অনুসারে, ডানাস রাতারাতি তাইওয়ানের পশ্চিম উপকূল বরাবর উত্তর দিকে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা জানিয়েছে, এই ঝড়ে কমপক্ষে ২৮ জনকে সামান্য আহত অবস্থায় চিকিৎসা দেয়া হয়েছে।

ডানাসের প্রভাবে সপ্তাহান্তে দক্ষিণ তাইওয়ান জুড়ে ৫০০ মিলিমিটারের (২০ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত হয়েছে।

দমকলকর্মীরা জানিয়েছে, বাড়িঘর থেকে সরিয়ে নেয়া প্রায় তিন হাজার মানুষের বেশিভাগই দক্ষিণ বন্দর শহর কাওশিউংয়ের আশপাশের পাহাড়ি এলাকায় বাস করত।

তারা আরো জানায়, প্রাকৃতিক দুর্যোগটির প্রভাবে কমপক্ষে ১০টি ভূমিধসের ঘটনা রেকর্ড করা হয়েছে এবং প্রবল বৃষ্টিপাতের কারণে ৪৯টি এলাকা প্লাবিত হয়েছে।

তবে এরপর থেকে পানি কমে গেছে।

তাইওয়ানে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ঘন ঘন গ্রীষ্মমণ্ডলীয় ঝড় আঘাত হানে।

সূত্র : বাসস