মেক্সিকোতে ধর্মীয় উৎসব চলাকালে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। দেশটির গুয়ানাহুয়াতো প্রদেশে ঘটনাটি ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের বরাতে এ তথ্য জানিয়েছে।

ধর্মীয় উৎসব চলাকালে গুলিবর্ষণের ঘটনাটি ঘটে স্থানীয় সময় বুধবার রাতে ইরাপুয়াতো শহরে। সেখানকার সেন্ট জন দ্য ব্যাপটিস্ট উপলক্ষ্যে শতাধিক মানুষ রাস্তায় নাচ-গানে মেতে উঠেছিলেন। সে সময় বন্দুকধারীরা আকস্মিক হামলা চালালে মুহূর্তেই উৎসবস্থল রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে মানুষ দিগ্বিদিক ছুটতে থাকে। এমন দৃশ্যই দেখা গেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে।

ইরাপুয়াতোর সরকারি কর্মকর্তা রোডলফো গোমেজ সেরভান্তেস সংবাদ সম্মেলনে জানান, নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। আরো প্রায় ২০ জন আহত হয়েছেন।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম দুঃখ প্রকাশ করে বলেন, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এর আগে, গত মাসেও গুয়ানাহুয়াতোর সান বার্তোলো দে বেরিওস এলাকায় এক গির্জার আয়োজিত অনুষ্ঠানে গুলি চালিয়ে সাতজনকে হত্যা করা হয়।

উল্লেখ্য, গুয়ানাহুয়াতো প্রদেশটি মেক্সিকোর অন্যতম সহিংস অঞ্চল হিসেবে পরিচিত। এখানকার বিভিন্ন অপরাধী চক্র ও মাদক কার্টেল এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরেই সংঘাতে লিপ্ত। চলতি বছরের প্রথম পাঁচ মাসেই এখানে এক হাজার ৪৩৫টি হত্যাকাণ্ড ঘটেছে, যা দেশটির অন্যান্য প্রদেশের রাজ্যের তুলনায় দ্বিগুণেরও বেশি।