দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার মেডেলিন শহরের কাছে মঙ্গলবার (২৪ জুন) ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। আহত হয়েছেন আরো আটজন।
বোগোটা থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, অ্যান্টিওকিয়া বিভাগের গভর্নর আন্দ্রেস জুলিয়ান রেন্ডন হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বেলো পৌরসভা এলাকায় বসবাসরত নাগরিকদের সরিয়ে নেয়ার জন্য বলা হয়েছে। ওই এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারী বৃষ্টিপাতে বন্যার কারণে সৃষ্ট এই দুর্ঘটনার পর কমপক্ষে ১৫ জন এখনো নিখোঁজ রয়েছেন।
স্থানীয় গণমাধ্যমের শেয়ার করা ছবিতে কলম্বিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সীমান্তবর্তী একটি পাহাড়ে মাটির নিচে চাপা পড়া বাড়িঘর দেখা গেছে। এছাড়াও মেডেলিনের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শেয়ার করা একটি ছবিতে গাড়ি ও রাস্তা কাদায় ঢাকা পড়ে থাকতে দেখা গেছে।
উল্লেখ্য, পশ্চিম কলম্বিয়ার আন্দিজ পর্বতমালায় অবস্থিত অ্যান্টিওকিয়ায় বর্ষাকালে প্রায়শই ভূমিধস হয়। গত মাসে মেডেলিনের আরেকটি শহরতলি সাবানেতায় ভূমিধসে কমপক্ষে পাঁচজন নিহত হন।
সূত্র : বাসস