নাইজেরিয়ায় উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোটো রাজ্যে রোববার (১৭ আগস্ট) নৌকাডুবিতে ৪০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে। উদ্ধারকর্মীরা নিখোঁজ হওয়া মানুষদের উদ্ধারে কাজ করছেন। দেশটির জরুরি সংস্থা এ তথ্য জানিয়েছে।
লাগোস থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ) এক বিবৃতিতে জানিয়েছে, ৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাজারে যাওয়ার সময় নৌকাটি রোববার সকালে ডুবে যায়। প্রায় ১০ জনকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে এবং ৪০ জনেরও বেশি যাত্রী নিখোঁজ রয়েছে।
নাইজেরিয়ায় দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থা, পানি পথে অতিরিক্ত যাত্রী ওঠানামা এবং দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে নৌদুর্ঘটনা খুবই সাধারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বর্ষাকালে যখন নদী ও হ্রদের পানি উপচে পড়ে সে সময়ই বেশি দুর্ঘটনা ঘটে।
২০২৪ সালের আগস্টে সোকোটো রাজ্যে নদী পার হয়ে যাওয়ার সময় একটি কাঠের নৌকা ডুবে গেলে কমপক্ষে ১৬ জন কৃষক নিহত হন।
২৯ জুলাই উত্তর-পশ্চিম জিগাওয়া রাজ্যে খামারের কাজ থেকে বাড়ি ফেরার সময় একটি নৌকা ডুবে গেলে ছয়জন মেয়ে ডুবে যায়। দুই দিন আগে, মধ্য নাইজার রাজ্যে আরেকটি নৌকা দুর্ঘটনায় কমপক্ষে ১৩ জন মারা যান।
সূত্র : বাসস