তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদকে নিয়ে টিভিতে সম্প্রচারিত একটি খবর দেখতে অস্বীকৃতি জানানোয় কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করার পর তিউনিসিয়ার একজন বন্দীকে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। দেশটির একটি মানবাধিকার সংস্থা এবং ওই বন্দীর আইনজীবী শুক্রবার এ কথা জানিয়েছেন।
বন্দীর আইনজীবী আদেল সাগাইর বলেন, তার মক্কেলকে প্রথমে দণ্ডবিধি ৬৭ ধারার অধীনে বিচার করা হয়েছিল, যা রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে অপরাধের সাথে সম্পর্কিত। কিন্তু পরে মামলাটির ‘রাজনৈতিক’ দিক আড়াল করতে ওই ধারা পরিবর্তন করে জনসম্মুখে অশোভন আচরণের অভিযোগ আনা হয়।
গাফসা শহরের কেন্দ্রীয় শহরে অবস্থিত তিউনিসিয়ান লীগ ফর হিউম্যান রাইটসের স্থানীয় শাখা জানিয়েছে, ওই বন্দী তার কারাকক্ষে টিভিতে প্রেসিডেন্টকে নিয়ে প্রচারিত একটি সংবাদ দেখতে অস্বীকৃতি প্রকাশ করেছিলেন। প্রেসিডেন্টকে দেখতে না চাওয়ার বিষয়টি অপর একজন কারাবন্দী কর্তৃপক্ষকে জানিয়ে দেয়। পরে তদন্ত করে তাকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।
কাইস সাইদ ২০১৯ সালের নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসেন। তিনি ২০২১ সালে একচেটিয়াভাবে দেশটির সার্বিক ক্ষমতা দখল করেন। এর পর থেকে ডিক্রি দিয়ে শাসন করেছেন।
সূত্র : এএফপি