দেশের বাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে ১ হাজার ৩৬৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৯৮ টাকা।
শনিবার (১৭ মে) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম রোববার (১৮ মে) থেকেই কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৬৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৭ হাজার ৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৯ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৩৬ হাজার ৭১৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১২ হাজার ৯৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যা রোববার (১৮ মে) থেকে কার্যকর।
সবশেষ গত ১৫ মে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় ভরিতে ৩ হাজার ৪৫২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ৭৩৪ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।
এ নিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ৩৫ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। এরমধ্যে ২৩ বারই দাম বাড়ানো হয়েছে। এছাড়া দাম কমানো হয়েছে মাত্র ১২ বার। অন্যদিকে গত বছর দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এরমধ্যে দাম বাড়ানো হয়েছিল ৩৫ বার। এছাড়া গত বছর ২৭ বার দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছিল।