১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম মে মাসের জন্য ১৯ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আগে ছিল ১ হাজার ৪৫০ টাকা। একই সাথে অটোগ্যাসের দামও কমানো হয়েছে।
রোববার (৪ মে) নতুন দামের ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারণ করা এই দাম রোববার সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।
এছাড়া সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১৪৯১ টাকা, ১৫ কেজির দাম ১৭৮৯ টাকা, ১৬ কেজির দাম ১৯০৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ কেজির সিলিন্ডারের দাম ২১৪৬ টাকা, ২০ কেজির দাম ২৩৮৫ টাকা, ২২ কেজির দাম ২৬২৩ টাকা, ২৫ কেজির দাম ২৯৮১ টাকা, ৩০ কেজির দাম ৩৫৭৭ টাকা, ৩৩ কেজির দাম ৩৯৩৫ টাকা, ৩৫ কেজির দাম ৪১৭৩ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৫৩৬৬ টাকা।
এর আগে, গত এপ্রিল মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে নির্দেশনা জারি করে বিইআরসি।
গত ৩ মার্চ ওই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ফেব্রুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ হাজার ৪৭৮ টাকা।