অর্থনৈতিক অঞ্চলগুলোতে নতুন বিনিয়োগ বাড়াতে অবকাঠামোগত ও নীতিগত প্রতিবন্ধকতা দূর করে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেছে বিজিএমইএ ও বাংলাদেশ ইকোনমিক জোনস ইনভেস্টরস অ্যাসোসিয়েশন (বেজিয়া)।

সোমবার (১০ আগস্ট) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে সংগঠন দুইটির মধ্যে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।

সভায় বেজিয়ার সভাপতি এম এ জব্বার এবং বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান নিজ নিজ সংগঠনের নেতৃত্ব দেন।

সভায় পাঁচটি সরকারি অর্থনৈতিক অঞ্চলে বরাদ্দ দেয়া প্লটের বর্তমান অগ্রগতি, গ্যাস ও শিল্পপানির সঙ্কট, সার্ভিস চার্জ, ভ্যাট, নগদ প্রণোদনা এবং প্রচ্ছন্ন রফতানির প্রশাসনিক জটিলতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বিনিয়োগকারীদের জন্য নিরবচ্ছিন্ন ইউটিলিটি নিশ্চিত না হওয়া পর্যন্ত সার্ভিস চার্জ মওকুফ, লিজ ট্যারিফের ওপর ভ্যাট প্রত্যাহার, ৯৯ বছরের লিজের মিউটেশন ব্যাংকযোগ্য করা এবং ওয়ান-স্টপ সার্ভিস কার্যকর করার দাবি জানানো হয়।

এছাড়া অর্থনৈতিক অঞ্চলে টেকসই শিল্পায়ন ও পারস্পরিক সমন্বয় জোরদারে বেজিয়ার পরিচালনা বোর্ডে বিজিএমইএর প্রতিনিধি অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন এম এ জব্বার।

বিজিএমইএ সভাপতি এ প্রস্তাবে সম্মতি জানিয়ে দ্রুত প্রতিনিধি মনোনয়নের আশ্বাস দেন। 

সূত্র : বাসস