বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিমিটেড-এর চেয়ারম্যান, সাবেক সচিব, লেখক ও গবেষক, ইসলামি চিন্তাবিদ, সমাজচিন্তক এ জেড এম শামসুল আলম স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ আগস্ট) বিকেলে বুক সোসাইটির আয়োজনে কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এ আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

এ সময় সভাপতিত্ব করেন সোসাইটির পরিচালক প্রশাসন (ঢাকা) অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক, কলামিস্ট ও বুদ্ধিজীবী ড. আব্দুল লতিফ মাসুম, সাবেক সচিব ড. মোহাম্মদ আবদুল মজিদ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শামসুল আলম, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান লেখক ও গবেষক মোহাম্মদ আবদুল মান্নান, বুক সোসাইটির সহ-সভাপতি আমির হোছাইন, পরিচালক প্রফেসর এ টি এম ফজলুল হক এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিসবাহ উদ্দিন খান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ইউসুফ আলী, বাংলা একাডেমির সাবেক পরিচালক অধ্যাপক মুহাম্মদ সিরাজ উদ্দিন, বুক সোসাইটির সদস্য এম এম মুসা খান প্রমুখ।

মতিঝিল কার্যালয়ের ব্যবস্থাপক মো: হাবিবুর রহমান-এর পরিচালনায় স্বাগত বক্তব্য দেন পরিচালক মার্কেটিং অ্যাডভোকেট ড. মো: হেলাল উদ্দিন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আবু জর গিফারী ইসলামিক কমপ্লেক্সের অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক নদভী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ জেড এম শামসুল আলম একজন সৎ, দক্ষ ও কর্মঠ প্রশাসক ছিলেন। তিনি বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তার স্বপ্ন ও সাধনা ছিল মানুষের কল্যাণে নিবেদিত। লেখালেখির মাধ্যমে তিনি মানুষকে সত্য ও সুন্দরের দিকে আহ্বান করেছেন।

তার বক্তব্য বস্তুনিষ্ঠ, উপমা-উদাহরণ, সমকালীন পরিবেশ হতে গৃহীত এবং আধুনিক মনের নিকট গ্রহণযোগ্য। তিনি দেশের গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে দেশের উন্নয়নের জন্য কাজ করেছেন। একটি সুন্দর সমাজ ও সমৃদ্ধ দেশ বিনির্মাণে নিবেদিত ছিল তার জীবন।

বক্তারা আরো বলেন, এ জেড এম শামসুল আলমের মতো সমাজ ও দেশের জন্য নিবেদিত প্রাণ এবং একজন স্বপ্নদ্রষ্টা মানুষকে আমরা হারিয়েছি। তার শূন্যস্থান পূরণ হওয়ার নয়। তিনি তার বর্ণাঢ্য কর্মজীবনের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।