পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের ঢাকা গড়ার লক্ষ্যে 'ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন'-এর উদ্যোগে শনিবার রাজধানীর পল্টনে বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়েছে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান আমিনুল ইসলাম ও নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমানের নেতৃত্বে বৃক্ষরোপণ অভিযানে ফাউন্ডেশনের যুব সদস্যরা অংশগ্রহণ করেন। পল্টন এলাকার বিভিন্ন স্থানে ফাউন্ডেশনের যুব সদস্যরা ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে এক প্রচারাভিযান পরিচালনা করেন।

এ সময় তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বাঁচতে পথচারী, ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের গাছ রোপণের ওপর গুরুত্বারোপ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের নিবার্হী সদস্য সুলতান উদ্দিন, এনামুল হক, আব্দুর রহমানসহ ফাউন্ডেশনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।