দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সংগঠন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিওএ)-এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান আগামী শনিবার (১৬ আগস্ট) অনুষ্ঠিত হবে।
শনিবার রাজধানীর মিন্টু রোডে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশের বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত কণ্ঠস্বর (Unified Voice of Private Healthcare Institutions in Bangladesh)’- স্লোগানকে সামনে রেখে নতুন কমিটি তাদের যাত্রা শুরু করতে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। বিশেষ অতিথি থাকবেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো: সাইদুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো: মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল।
অনুষ্ঠানের কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টায় আমন্ত্রিত অতিথিদের আগমনের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। এরপর পতাকা উত্তোলন, স্টল উদ্বোধন, পবিত্র কুরআন তিলাওয়াত এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ল্যাব এইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম। এছাড়াও বক্তব্য রাখবেন আহ্বায়ক কমিটির সদস্য, ঢাকা বিভাগের ভাইস-প্রেসিডেন্ট ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট। প্রধান অতিথি ও বিশেষ অতিথির ভাষণের পর সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে।

আয়োজকরা জানান, এই অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে বেসরকারি স্বাস্থ্য খাতের প্রতিষ্ঠাতা ও মালিকরা নতুন নেতৃত্বকে স্বাগত জানাবেন এবং খাতটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশের স্বাস্থ্যসেবার প্রায় ৭০ ভাগ বেসরকারি খাতের এ সংগঠনের সদস্যরা দিয়ে থাকেন। এ খাতকে আধুনিক ও যুগোপযোগী করে সক্ষমতা বাড়ানো গেলে মেডিক্যাল ট্যুরিজমের নামে বিদেশে চলে যাওয়া বাৎসরিক প্রায় ছয় বিলিয়ন ডলার সাশ্রয় করা সম্ভব। এ খাতে প্রায় ১২-১৫ লাখ লোকের কর্মসংস্থানও হচ্ছে।