দেশের প্রথম জেসিআই স্বীকৃত হাসপাতাল এভারকেয়ার হসপিটাল ঢাকার উদ্যোগে আশুলিয়া, সাভার ও পার্শ্ববর্তী এলাকার শিশুদের হৃদরোগের চিকিৎসা প্রদানের লক্ষ্যে একটি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার আশুলিয়ার জামগড়ায় অবস্থিত আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্পটি চলে।
কার্যক্রমটি দেশের মানুষের জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতে এভারকেয়ার হসপিটাল ঢাকার প্রতিশ্রুতির একটি অংশ।
ক্যাম্পের নেতৃত্ব দেন এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশ (ঢাকা ও চট্টগ্রাম)-এর শিশু হৃদরোগ বিভাগের প্রতিষ্ঠাতা এবং সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা: তাহেরা নাজরীন।
তিনি দিনব্যাপী হৃদরোগে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেন এবং স্বল্পমূল্যে ২ডি ও কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা করেন।
আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের একাডেমিক ডিরেক্টর ও শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা: সুফিয়া খাতুন বিনামূল্যে চিকিৎসা প্রদান কর্মসূচিটির প্রধান উদ্যোক্তা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা: দবির উদ্দিন আহমেদ, মেডিক্যাল সার্ভিসেস বিভাগের ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল ডা: রফিকুল ইসলাম অব:, অপারেশনস বিভাগের ডিরেক্টর রফিকুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল একটি অলাভজনক সমাজসেবামূলক হাসপাতাল যা দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের মানসম্মত চিকিৎসা সেবা প্রদান করে।
মেডিক্যাল ক্যাম্পটির উল্লেখযোগ্য একটি সেবা ছিল বিশ্বমানের মেশিনের সাহায্যে স্বল্পমূল্যে ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষার মাধ্যমে শিশুদের রোগ নির্ণয় ও পরবর্তী চিকিৎসা প্রদান করা। এছাড়াও, রোগীদের ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট, ভর্তি-পূর্ব সহায়তা এবং উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের ব্যবস্থাও করা হয়। এভারকেয়ার হসপিটাল ঢাকার শিশু হৃদরোগ বিভাগটি শিশুদের সেরা মানের জন্মগত হৃদরোগ চিকিৎসা প্রদানে বিনামূল্যে ডিভাইস, বেলুন এবং অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করে যেন তারা সঠিকভাবে হৃদরোগের চিকিৎসা পেতে পারে।
ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ডা: তাহেরা নাজরীন বলেন, “আমাদের দেশে শিশুদের হৃদরোগের প্রকোপ দিন দিন বাড়ছে, যার প্রধান ভুক্তভোগী হচ্ছে সুবিধাবঞ্চিত শিশুরা। অস্বাস্থ্যকর জীবনযাপন, মায়েদের মানসম্মত চিকিৎসাসেবার অভাব, শিশুদের হৃদরোগ বিষয়ে সচেতনতার ঘাটতি এবং আর্থিক সংকট এসবের কারণে মূলত শিশুরা হৃদরোগে আক্রান্ত হচ্ছে। এভারকেয়ার হসপিটাল ঢাকা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য অত্যন্ত স্বল্পমূল্যে এই সেবা প্রদান করছে। আমরা চাই প্রতিটি শিশু যেন মানসম্মত স্বাস্থ্যসেবা, পরামর্শ এবং চিকিৎসা পায়। এ মানবিক উদ্যোগে সরকারি ও বেসরকারি সব পক্ষকে একসাথে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি।”