নয়া দিগন্ত অনলাইন
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদৌ টাঙ্গারা সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সচিবালয়ে উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন ও বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
শেখ বশিরউদ্দীন বলেন, ‘গাম্বিয়া বাংলাদেশের বন্ধুরাষ্ট্র। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য এ দেশের মানুষের মনে গাম্বিয়ার জনগণের প্রতি সম্মান ও ভালোবাসা তৈরি হয়েছে। বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপক্ষীয় এ সম্পর্ককে আরো শক্তিশালী করার সুযোগ রয়েছে।’
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের সাথে গাম্বিয়ার ট্রেড ভলিউম ছোট। উভয় দেশই তাদের রফতানি বাড়াতে পারে। বাণিজ্যিক সম্পর্কোন্নয়ন দু’দেশের মানুষের সাথে মানুষের যোগাযোগ বৃদ্ধিতে সাহায্য করবে। এ সময় বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ খাতে গাম্বিয়াকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।’
গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদৌ টাঙ্গারা বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে পেরে গাম্বিয়ার জনগণ গর্বিত।
বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর মধ্যে দিয়ে দু’দেশের মানুষের সংযোগ আরো বৃদ্ধি পাবে। তিনি বাংলাদেশ থেকে সামুদ্রিক হিমায়িত মাছ আমদানি ও সে দেশের চিনাবাদাম বাংলাদেশে রফতানির আশা প্রকাশ করেন।’
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, ‘অতিরিক্ত সচিব মো: আব্দুর রহিম খান, ড. নাজনীন কাওসার চৌধুরী, আয়েশা আক্তার ও মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ এবং বাংলাদেশে নিযুক্ত গাম্বিয়ার অনাবাসিক হাইকমিশনার মুস্তাফা জাওয়ারা উপস্থিত ছিলেন।