আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঈদযাত্রা নিরাপদ এবং ঈদকে আনন্দঘন করতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন দলটির ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ও সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

আজ এক যৌথ শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় বলেন, ‘রহমত ও মাগফিরাতের মাস রমজান শেষে ঈদের আগমন। ঈদের শিক্ষা হলো আর্তমানবতার কল্যাণে এগিয়ে আসা।’ ঈদে যাকাত ও সাদাকাতুল ফিতর যথাযথভাবে আদায় করার আহ্বান জানান তারা।

তারা বলেন, ‘ঈদ এলেও দ্রব্যমূল্য, পরিবহন সঙ্কট ও বাড়তি ভাড়ার কারণে ঈদযাত্রা এখনো স্বস্তিদায়ক নয়। ফ্যাসিবাদমুক্ত পরিবেশে ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেয়া উচিত।’

নেতৃদ্বয় ‘আগস্ট বিপ্লবের’ চেতনায় ন্যায়-ইনসাফ, মানবিক মূল্যবোধ, স্বৈরাচার ও ফ্যাসিবাদমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তারা অভিযোগ করেন, স্বৈরাচারী শক্তির প্রতিভূরা এখনো রাষ্ট্রের বিভিন্ন স্তরে সক্রিয় এবং ষড়যন্ত্রে লিপ্ত। অন্তর্বর্তী সরকারের ইতিবাচক পদক্ষেপের পরও দ্রব্যমূল্য পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

তারা বলেন, ‘ফ্যাসিবাদীরা রমজানজুড়ে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তবে ছাত্র-জনতার ঐক্যের কারণে তারা সফল হয়নি।’ বিজ্ঞপ্তি