রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে জুলাই গণহত্যার দায়ে গ্রেফতার করার দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সংগঠনটির মোহাম্মদপুর জোনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সেখানেই দলটির নেতারা এই দাবি জানান।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাদ আসর মোহাম্মদপুর আল্লাহ করিম মসজিদ এলাকায় বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
মোহাম্মদপুর থানা শাখার সভাপতি মাওলানা কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা জাকারিয়া আল ফারুকী।
তিনি তার বক্তব্যে বলেন, পদত্যাগের পর রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে জুলাই গণহত্যার দায়ে গ্রেফতার করতে হবে। এ ছাড়া লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার সাথে ফোনালাপের ঘটনায় তার বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি আরো বলেন, দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে হলে তাদের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। জুলাই সনদ শুধু একটি রাজনৈতিক দাবি নয়; বরং এটি শহীদদের রক্তের অঙ্গীকার। তাই জনগণের প্রত্যাশা অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন, গুম-খুন ও গণহত্যার বিচার এবং একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মিছিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাওলানা সাজিদুর রহমান সায়েম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ কামাল উদ্দীন, প্রকাশনা সম্পাদক মাওলানা শাহীমুল ইসলাম, মজলিসে আমেলা সদস্য মোহাম্মদ শরীফুল ইসলামসহ মোহাম্মদপুর জোনের বিভিন্ন শাখার দায়িত্বশীল ও জনশক্তি।