‘আওয়ামী লিগ’ নামে একটি রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন উজ্জল রায় নামের এক ব্যক্তি। দলের প্রতীক চাওয়া হয়েছে নৌকা অথবা ইলিশ। দলের প্রধান কার্যালয়ের ঠিকানা উল্লেখ করা হয়েছে ‘বঙ্গবন্ধু অ্যাভিনিউ’।
মঙ্গলবার (২৫ মার্চ) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, সোমবার (২৪ মার্চ) দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার উজ্জল রায় নামের ওই ব্যক্তি ইসিতে নিবন্ধনের জন্য আবেদন করেন। আবেদনে ওই ব্যক্তি দলের সভাপতি হিসেবে সই করেন। আবেদনে বলা হয়েছে, দলের কোনো ব্যাংক হিসাব নেই।
নিবন্ধন চেয়ে ইসি সচিবের কাছে করা আবেদনে উজ্জল রায় উল্লেখ করেন, দলটির কেন্দ্রীয় কমিটি গঠন হয়েছে ২৪ মার্চ, এই কমিটির মেয়াদ শেষ হবে আগামী ২০ এপ্রিল।
উজ্জল রায় নামের ওই ব্যক্তি বলেন, ‘তিনি দিনাজপুর-৫ আসন থেকে নির্বাচন করার জন্য এই আবেদন করেছেন।’
তার দলে কত নেতাকর্মী বা কার্যালয় আছে জানতে চাইলে তিনি জানান, তিনি একা। তার সাথে আর কেউ নেই।
নির্বাচন কমিশন নতুন দলগুলোকে নিবন্ধন দিতে গণবিজ্ঞপ্তি দিয়েছে। আগামী ২০ এপ্রিল আবেদন করার শেষ সময়।
এ ব্যাপারে কে এম আলী নেওয়াজ বলেন, ‘একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য যে আইন ও বিধি আছে, সে অনুযায়ী প্রয়োজনীয় সব শর্ত পূরণ করা হলে ইসি নিবন্ধন দিয়ে থাকে। শর্ত পূরণ করতে না পারলে ইসি তা গ্রহণ করতে পারবে না।’