রাজধানীর সাভারে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়েছেন পোশাক শ্রমিক দম্পতি মোহাম্মদ কায়সার (২৮) ও রুবি আক্তার (২৪)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে মজিদপুর দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে রাত পৌনে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হলে চিকিৎসক তাদের ভর্তি করেন।
দগ্ধ কায়সার ও রুবি রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার রিয়াজউদ্দিন মাতোব্বারপাড়া গ্রামের বাসিন্দা। তারা দুইজনই পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
কায়সারের বাবা মোহাম্মদ সিমান শেখ জানান, রাতে মশার কয়েল জ্বালানোর জন্য গ্যাস লাইটে আগুন ধরানোর সাথে সাথে ঘরে জমে থাকা গ্যাসে আগুন ছড়িয়ে পড়ে। এতে কায়সার ও রুবি দগ্ধ হন।
তিনি অভিযোগ করেন, ঘরের পাশ দিয়ে যাওয়া মূল গ্যাস লাইনের পাইপে দীর্ঘদিন ধরে লিকেজ ছিল। বিষয়টি একাধিকবার বাড়ির মালিককে জানানো হলেও তা মেরামত করা হয়নি। ঘরে জমে থাকা গ্যাস থেকেই এই দুর্ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, কায়সারের শরীরের ১০০ শতাংশ এবং রুবি আক্তারের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। জরুরি বিভাগের নিবিড় পর্যবেক্ষণে রেখে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।