বাংলাদেশের চাষযোগ্য জমির এক ইঞ্চিও নষ্ট করা যাবে না। এ জন্য এখন থেকেই সরকারকে দেশের প্রতিটি জেলায় জোনিং করে জমির শ্রেণি-বিন্যাস করে দেয়ার আহ্বান জানিয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) প্রেসিডেন্ট ড. আলী আফজাল।
মঙ্গলবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রিহ্যাব প্রেসিডেন্ট বলেন, রাজধানী ঢাকাকে বাসযোগ্য নগরীতে রুপান্তরের জন্য যেমনি ডিটেইল এরিয়া প্লান (ড্যাপ) তৈরী করা হয়েছে। এমনিভাবে সারাদেশের প্রতিটি জেলায়ও জমির প্রকৃতি নির্ধারণ করে আবাসন, শিল্পায়ন ও কৃষি জমি রক্ষা করতে হবে। তা না হলে ভবিষ্যৎ প্রজম্মের কাছে আমাদের জবাবদিহিতার কোনো সুযোগ থাকবে না।
তিনি বলেন, ‘কৃষি জমি নষ্ট করা যাবে না, সে ক্ষেত্রে বিকল্প একটাই যে আমাদের ভার্টিকালি যেতে হবে। হাই রাইজ বিল্ডিং করতে হবে।’
তিনি আরো বলেন, ‘গৃহায়ন মন্ত্রীর সাথে সাক্ষাতে আমরা বলেছি হাইট স্টেশন তুলে দিতে হবে। বিশেষ করে এয়ারফেস সহ রাষ্ট্রের রাডার সহ গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে সেই জায়গা ছাড়া বাকি জায়গাতে হাইট স্টেশন রাখার কোনো দরকার নেই। যেটা আমরা অনেক উদাহরণ দিয়ে বলেছি যেমনটা বলেছি ব্যাংককের কথা। কারণ ব্যাংককে সরকার তাদের দেশের জমির এক ইঞ্চিও নষ্ট করে না।’
গৃহায়ন মন্ত্রীর সাথে বৈঠকে উপস্থিত ছিলেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট বরকতুল্লাহ, ডাইরেক্টর এবং ইটিভির এমডি তাসনোভা মাহবুব সালাম, মোস্তাফিজুর রহমান এমপিসহ রিহ্যাবের নব নির্বাচিত কমিটির নেতারা। বাসস