নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত অধিকার, মর্যাদা ও সেবার মান উন্নয়নের লক্ষ্যে ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি।
মঙ্গলবার এক মানববন্ধনে ও আইনমন্ত্রীর কাছে দেয়া স্মারকলিপিতে তারা এ দাবি জানান।
দাবিগুলোর মধ্যে রয়েছে
১. নিকাহ রেজিস্ট্রারদের বিদ্যমান অধিক্ষেত্র ২০০৯ সালের বিধি অনুযায়ী সম্পূর্ণভাবে অক্ষুন্ন রাখতে হবে। কোনো অবস্থাতেই অযৌক্তিকভাবে অধিক্ষেত্র কর্তন বা পরিবর্তন করা যাবে না। এতে পেশাগত স্থিতিশীলতা ও জনগণের নিরবচ্ছিন্ন নিবন্ধন সেবা নিশ্চিত হবে।
২. সারাদেশে নিকাহ রেজিস্ট্রারের শূন্য পদগুলোতে বিধি মোতাবেক অবিলম্বে স্থায়ী নিয়োগের ব্যবস্থা করতে হবে।
৩. মৃত্যু বা অবসরের কারণে সৃষ্ট শূন্য পদে নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে সংশ্লিষ্ট নিকাহ রেজিস্টারের যোগ্য সন্তানকে সরাসরি নিয়োগের ব্যবস্থা করতে হবে।
৪. বিধি মোতাবেক দায়িত্ব পালনরত শিক্ষকতা পেশায় নিয়োজিত নিকাহ রেজিস্ট্রারদের বৈধ নিয়োগ বাতিল করা যাবে না।
৫. নিকাহ রেজিস্ট্রারদের বয়সসীমা ৭৫ বছর পর্যন্ত বৃদ্ধি করতে হবে এবং মোবাইল কোর্টের বিধান বাতিলসহ প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে।
৬. নিকাহ ও তালাক নিবন্ধনের ধর্মীয় ও আইনগত গুরুত্ব বিবেচনায় শিক্ষাগত যোগ্যতা কামিল পাস নির্ধারণ করতে হবে।
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি আলহাজ প্রিন্সিপাল মো: নজরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন আলহাজ অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া, আলহাজ মাওলানা মো: আলমগীর হোসাইন, আলহাজ কাজী মাওলানা মো: সফি উল্লাহ, আলহাজ মাওলানা মো: আশরাফ উদ্দীন ভূঁইয়া সায়েম, মাওলানা মো: আজিজুর রহমান সুমন, মাওলানা মো: মফিজুল ইসলাম, আলহাজ মাওলানা নুরুল আমিন প্রমুখ।