মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক পদে ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলকে চলতি দায়িত্বে পদায়ন করেছে সরকার।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাকে মহাপরিচালকের চলতি দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

তিনি বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৬তম ব্যাচের কর্মকর্তা। বর্তমানে তিনি মাউশির পরিচালক (মাধ্যমিক) পদে দায়িত্ব পালন করছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেয়া পর্যন্ত অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলকে তার নিজ বেতন ও বেতনক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক হিসেবে চলতি দায়িত্ব দেয়া হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, এই পদায়নটি চলতি দায়িত্ব হিসেবে গণ্য হবে। এটি কোনো পদোন্নতি নয়। এ দায়িত্ব পালনের কারণে তিনি ভবিষ্যতে পদোন্নতি দাবি করতে পারবেন না। এছাড়া সংশ্লিষ্ট পদে নিয়মিত পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ করা হলে এই চলতি দায়িত্বের আদেশটি বাতিল বলে গণ্য হবে।

সূত্র : বাসস